সালমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের জনপ্রিয় তারকা সালমান খানের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার আদেশ দিয়েছেন ভারতের একটি আদালত। একটি গাড়ি দুর্ঘটনার মামলার শুনানি চলাকালে গতকাল শুক্রবার বিচারক এই আদেশ দেন। ২০০২ সালের সেপ্টেম্বরে মুম্বাইয়ে সালমানের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে সেটি শহরের একটি বেকারিতে ঢুকে পড়ে। ওই ঘটনায় সড়কে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি নিহত হন। সালমানের দাবি, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না। বর্তমানে সালমানের বিরুদ্ধে ‘অবহেলার কারণে মৃত্যু’র অভিযোগে বিচার চলছে। তবে তাঁর বিরুদ্ধে এর চেয়ে গুরুতর অভিযোগ আনা হলে তিনি সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। বিচারক ভাসান্ত পাতিল বলেন, সালমানের গাড়ি দুর্ঘটনার বিষয়টি নিছকই দুর্ঘটনা ছিল না। কাজেই কঠোর ধারায় তাঁর বিচার হওয়া উচিত।সালমানের আইনজীবী দিপেশ মেহতা জানান, ১১ ফেব্রুয়ারি তাঁর মক্কেলকে আদালতে হাজির হতে হবে। তবে আদেশের বিরুদ্ধে সালমান হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন তিনি।২০০৬ সালে হরিণ শিকারের দায়ে সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে কয়েক দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হন। বিবিসি।