সালাদ বানাতে ৩৮ লাখ টাকার তহবিল
আলু দিয়ে সালাদ বানানো হবে। উপকরণের জন্য দরকার ১০ ডলার। এ নিয়ে ইন্টারনেটে প্রচার চালান জ্যাক ড্যানজার ব্রাউন। তাঁর আহ্বানে ৫০ হাজার ডলার বা ৩৮ লাখ টাকার তহবিল গড়ে উঠেছে।
গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ৩১ বছর বয়সী জ্যাক তহবিল সংগ্রহে ‘কিকস্টার্টার’ ওয়েবসাইট প্রচার শুরু করেন।
একটি সফটওয়্যার কোম্পানির মালিক জ্যাক জানান, আলু দিয়ে সালাদ বানাতে উপকরণের জন্য অর্থ চেয়ে করা আহ্বানটি স্রেফ মজার জন্য করেছেন তিনি।
মাত্র কয়েক দিনের ব্যবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ জ্যাকের আহ্বানে সাড়া দেন। এতে ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ নয় হাজার ২২০ টাকার তহবিল তৈরি হয়েছে।
এত অর্থের তহবিল গড়ে ওঠার প্রসঙ্গে জ্যাক বলেন, ‘ইন্টারনেট নিয়ে আমরা হতাশ হব না। এভাবেই ইন্টারনেট আমাদের ঐক্যবদ্ধ করে।’
তহবিলের অর্থ দিয়ে আলুর সালাদের একটি বড় পার্টি দেওয়ার কথা ভাবছেন জ্যাক।