সালেহ ইয়েমেনের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ সে দেশের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর দল জেনারেল পিপলস কংগ্রেসের (জিপিসি) এক নেতা এবং সাবা স্টেট নিউজ এজেন্সি গতকাল বুধবার এ কথা জানায়।গত জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন আছেন আবদুল্লাহ সালেহ। গত বছরের জুনে এক বোমা বিস্ফোরণে আহত হন তিনি। এর চিকিৎসা নিতেই সালেহ যুক্তরাষ্ট্রে যান। এখন তাঁর স্বাস্থ্যের অবস্থা ভালো বলে তিনি দাবি করেছেন। ২১ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন সালেহর ডেপুটি আবদ্রাবুহ মনসুর হাদি।তবে উপসাগরীয় আরব দেশগুলোর পরিকল্পনা মোতাবেক গণভোটে হাদি দুই বছরের জন্য প্রেসিডেন্ট না হওয়া পর্যন্ত সালেহ দেশে ফিরবেন না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।কয়েক মাস ধরে চলা আন্দোলনের মুখে গত বছরের ২৩ নভেম্বর মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আরব দেশগুলো একটি পরিকল্পনা প্রণয়ন করে। পরিকল্পনা অনুযায়ী, সালেহ ক্ষমতা হস্তান্তরে রাজি হন। তবে হাদি প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত সালেহ দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।এদিকে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে এ সপ্তাহে এক ভিডিওতে আবদুল্লাহ সালেহকে দেহরক্ষীবেষ্টিত অবস্থায় নিউইয়র্কের হোটেলে দেখা গেছে। তবে এই ভিডিওর সত্যতা নিশ্চিত করা যায়নি। এএফপি।