সালেহকে সরানোর পরিকল্পনা হয় দুই বছর আগে!
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে ক্ষমতাচ্যুত করার গোপন পরিকল্পনা দুই বছর আগেই হয়েছিল। বিরোধী দলের একজন নেতা দেশটির রাজধানী সানায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক কর্মকর্তাকে এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকার প্রতিবেদনে এ কথা বলা হয়।ইয়েমেনভিত্তিক আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট সালেহ। উইকিলিকসের ফাঁস করা তথ্যে দেখা গেছে, ইয়েমেনের রাজনৈতিক পরিস্থিতির কথা যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত। কিন্তু বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নেয়নি।মার্কিন দূতাবাসের এক তারবার্তায় জানা যায়, বিরোধীদলীয় নেতা হামিদ আল-আহমার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেছিলেন, সালেহ যদি ২০১১ সালে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা না দিতে পারেন, তাহলে তাঁকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা আছে।প্রেসিডেন্ট সালেহর ৩২ বছরের শাসনামলের অবসানের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পরও তিনি ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন। রয়টার্স।