সালেহর ক্ষমতা ছাড়ার চুক্তিতে স্বাক্ষর
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ অবশেষে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। গতকাল বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে তিনি এ চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ইয়েমেনে সালেহর ৩৩ বছরের শাসনের অবসান হলো।রিয়াদের আল-ইয়ামামা রাজকীয় প্রাসাদে প্রেসিডেন্ট সালেহ উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও জাতিসংঘের উদ্যোগে করা এই চুক্তিতে স্বাক্ষর করেন। ইয়েমেনের ক্ষমতাসীন ও বিরোধী দলের প্রতিনিধিরাও চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি বাদশাহ আবদুল্লাহ। তিনি ইয়েমেনি প্রতিনিধিদলের সদস্যদের উদ্দেশে বলেন, ‘আজ আপনাদের ইতিহাসে একটি নতুন পৃষ্ঠা খোলা হলো।’ এ চুক্তির আওতায় সালেহ শিগগিরই ভাইস প্রেসিডেন্ট আবদ্রাবুহ মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।বিরোধী দল গত এপ্রিলেই চুক্তিটিতে স্বাক্ষর করেছিল। কিন্তু প্রেসিডেন্ট সালেহ বিষয়টি কয়েকবার স্থগিত করেন। ফলে দেশটিতে মাসের পর মাস রাজনৈতিক অচলাবস্থা এবং ব্যাপক বিশৃঙ্খলা চলতে থাকে।ইয়েমেনের রাজনৈতিক সূত্রগুলো জানায়, ৯০ দিন পর্যন্ত সাম্মানিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সালেহ। এরপর মতৈক্যের ভিত্তিতে দুই বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন হাদি। অন্তর্বর্তী প্রেসিডেন্ট থাকাকালে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা হাদির কোনো সিদ্ধান্তে ভেটো দিতে পারবেন না সালেহ।ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানায়, জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত মঙ্গলবার প্রেসিডেন্ট সালেহকে ফোন করে ধন্যবাদ জানান। জাতিসংঘের উদ্যোগে ইয়েমেনের সংকট সমাধানে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য সালেহকে ধন্যবাদ জানান তিনি।এদিকে জিসিসি ও জাতিসংঘের উদ্যোগে করা এই চুক্তির প্রতিবাদে গতকাল আবারও ইয়েমেনের রাজধানী সানায় নেমে আসে হাজার হাজার বিক্ষোভকারী। তারা বলেছে, ওই চুক্তিতে সালেহ ও তাঁর পরিবারকে বিচার থেকে রেহাই দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের একজন মুখপাত্র বলেন, তাঁরা রিয়াদে স্বাক্ষরিত চুক্তি প্রত্যাখ্যান করেছেন।সালেহর পদত্যাগের দাবিতে ইয়েমেনের রাস্তায় রাস্তায় ১০ মাস ধরে ব্যাপক বিক্ষোভ ও সহিংস ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর অভিযানে শতাধিক নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়। এএফপি।