সাহস করে লিখে শান্তি পুরস্কার পেল মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবান স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে মেয়েদের। তাদের জন্য প্রিয় টিভি অনুষ্ঠান দেখাও বন্ধ। এসব বাধা মেনে নিতে পারছিল না শিশু মালালা ইউসুফজাই। এই মনঃকষ্টের কথা সে লিখেছিল বিবিসির উর্দু অনলাইনের দিনলিপিতে। তখন তার বয়স ১১ বছর। দুই বছর পর সে লেখাই তাকে এনে দিল শান্তি পুরস্কার। পাকিস্তানের মনোরম প্রাকৃতিক শোভাময় সোয়াত উপত্যকায় মালালার বাড়ি। ৪২টি দেশের ৯৩ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ-২০১১-এর জন্য মনোনীত হয় অষ্টম শ্রেণীর ছাত্রী মালালা ইউসুফজাই। গতকালই এই পুরস্কার ঘোষণার কথা। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডেসমন্ড টুটু।দুই বছর আগে সোয়াত উপত্যকায় মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করে তালেবান। এই নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে পছন্দের একটি ভারতীয় টিভি সিরিয়ালও দেখতে পারেনি সে। মালালা জানায়, ‘আরও চার সাহসী মেয়ের সঙ্গে এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় আমি খুব খুশি।’ সে জানায়, এই মনোনয়ন তার ‘সাহস দ্বিগুণ’ করেছে। নিজের এলাকার প্রান্তিক মেয়েরা যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন দেখে মালালা।২০০৯ সালের ১৪ জানুয়ারি মালালা দিনলিপিতে লিখেছিল, ‘আমি হয়তো আবারও স্কুলে যেতে পারব না...অধ্যক্ষ শীতের ছুটির ঘোষণা দিয়েছেন, তবে তিনি স্কুল খোলার তারিখ জানাননি। এ ধরনের ঘটনা এই প্রথম ঘটেছে।’মেয়েদের অধিকার নিয়ে কেন সে প্রচার শুরু করেছে—এ প্রশ্নের জবাবে মালালা জানায়, সোয়াতের সহিংসতা তার মনে ‘গভীর ছাপ’ ফেলেছে। তার কথা, সে চায় বিশ্বের মানুষ যেন সোয়াতের লোকজনকে সন্ত্রাসী না বলে। সোয়াতের মানুষ শান্তিপ্রিয় ও স্নেহশীল। পিটিআই।