সাহসিকতা পুরস্কার পেলেন দিল্লির সেই মেডিকেল ছাত্রী
ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ডস-২০১৩-এ ভূষিত হয়েছেন ভারতের নয়াদিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার মেডিকেল ছাত্রী নির্ভয়া (তাঁর ছদ্মনাম)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও কয়েকজন নারীর সঙ্গে তাঁকে এই পুরস্কারে ভূষিত করেছে। আগামী শুক্রবার ওই ছাত্রীকে মরণোত্তর এই পুরস্কার দেওয়া হবে।গত বছরের ১৬ ডিসেম্বর ওই মেডিকেল ছাত্রী চলন্ত বাসে কতিপয় দুর্বৃত্তের হামলা ও গণধর্ষণের শিকার হন। পরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে দুই সপ্তাহ চিকিৎসার পর ২৩ বছর বয়সী ওই ছাত্রী মারা যান। এ ঘটনায় তখন ভারতে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। শুরু হয় দেশটিতে নারীর নিরাপত্তা নিয়ে বিতর্ক।মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে বলেছে, নির্ভয়া বলে পরিচিত ওই ছাত্রী ভারতে নারীদের বিরুদ্ধে সহিংসতা রোধে গড়ে ওঠা জনপ্রিয় আন্দোলনের ভিত হয়ে উঠেছেন। এতে আরও বলা হয়, তাঁর ব্যক্তিগত সহিষ্ণুতা, ন্যায়বিচার প্রতিষ্ঠার আকুতি এবং তাঁর পরিবারের অব্যাহত সাহসিকতা কোটি কোটি ভারতীয় নারীকে তাঁদের নির্যাতনে সহায়ক শক্তির উৎখাতে সাহায্য করছে। বিবিসি।