সাহসিকতার পুরস্কার পেতে নিজের শরীরে গুলি!
সাহসিকতার জন্য পুরস্কার পেতে ভারতে পুলিশের এক সদস্য নিজের শরীরে গুলি করেছেন বলে দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। রাজস্থান রাজ্যের জয়পুরে এ ঘটনা ঘটে। পুলিশের ওই সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার পিটিআইয়ের খবরে এ কথা বলা হয়।খবরে বলা হয়, মহেশ রাজগুরু নামের পুলিশের ওই সদস্য গত রোববার রাতে জয়পুরে সাবেক এক রাজনীতিবিদের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁর দাবি, ওই সময় অজ্ঞাত ছয় ব্যক্তি একটি গাড়িতে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁর পাকস্থলী ও হাতে তিনটি গুলি বিদ্ধ হয়। এরপর তাঁকে দ্রুত জয়পুরের স্বামী মানসিং হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে তিনি সুস্থ হয়ে উঠছেন।ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের কর্মকর্তারা ধারণা করেন, মহেশ ঘটনার যে বর্ণনা দিয়েছেন, তা সাজানো।জয়পুরের অতিরিক্ত পুলিশ কমিশনার অরুণ মাকায়া পিটিআইকে জানান, তিনি (মহেশ) স্বীকার করেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সাহসিকতার জন্য পুরস্কার পেতে তিনি নিজের শরীরে গুলি ছোড়েন। এএফপি।