সাহসী সাংবাদিকতার জয় হবেই
ক্ষমতাসীন দল কিংবা বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী কর্তৃক নৈতিক ও সাহসী সাংবাদিকতাকে দমনের চেষ্টা নতুন কিছু নয়। কেবল সময়ের সঙ্গে যুক্ত হয়েছে দমনের নতুন নতুন কৌশল। আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর খোদ যুক্তরাষ্ট্রে গণমাধ্যমগুলো যে বিরূপ আচরণের শিকার হচ্ছে, তা বিশ্বব্যাপী মুক্ত সাংবাদিকতার জন্য নতুন হতাশা তৈরি করেছে। তবে সত্য প্রকাশে অবিচল থাকলে শেষ বিচারে সাহসী সাংবাদিকতারই জয় হবে।
বুধবার লন্ডনে ‘কমনওয়েলথ এবং দক্ষিণ এশিয়ার মুক্ত সাংবাদিকতার চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে দুই ঘণ্টা আলোচনার মূল বার্তা ছিল এটাই। ইউনিভার্সিটি অব লন্ডনের ‘ইনস্টিটিউট অব কমনওয়েলথ স্টাডিজ’ (আইসিএস) ওই সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ওই সেমিনারে দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে অবাধ সাংবাদিকতার সংকট এবং সমাধান নিয়ে আলোচনা করেন বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম, ভারতীয় সাংবাদিক ও কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের (সিএইচআরআই) নির্বাহী পরিচালক সঞ্জয় হাজারিকা, পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার কলাম লেখক আফতাব সিদ্দিকী ও আইসিএসের গবেষক ডেভিড পেইজ। সেমিনারে সভাপতিত্ব করেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) ইমেরিটাস প্রেসিডেন্ট রিতা পেইন।
সূচনা বক্তব্যে রিতা পেইন দেশে দেশে সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর আক্রমণের চিত্র তুলে ধরে বলেন, সত্য প্রকাশ থেকে বিরত রাখতে সাংবাদিকদের পরিবার কিংবা স্বজনদেরও ক্ষতি করার প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে। আর যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিজয় ‘উপাত্তবিহীন সত্য’ (পোস্ট ট্রুথ ইরা) এবং ‘বিকল্প সত্য’ (অলটারনেটিভ ট্রুথ) বিতর্ক তুলে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
সিএইচআরআইয়ের নির্বাহী পরিচালক সঞ্জয় হাজারিকা ভারতে স্বাধীন সাংবাদিকতার চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোর বাস্তবতা হচ্ছে, এসব দেশে অবাধ ও স্বাধীন গণমাধ্যমের রক্ষায় উৎকৃষ্ট অঙ্গীকার আছে। কিন্তু ক্ষমতাসীনেরা এসব মানেন না। ভারতে স্বাধীন সাংবাদিকতায় স্খলনের চিত্র তুলে ধরতে তিনি রাজনৈতিক চাপ ও ক্ষমতাসীনদের হস্তক্ষেপের একাধিক ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, গণমাধ্যমকে রাজনীতিকরণের পাশাপাশি কোনো কোনো সংবাদমাধ্যমের ক্ষমতাসীনদের আনুকূল্য পাওয়ার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। অর্থের বিনিময়ে সংবাদ প্রকাশের প্রবণতা গণমাধ্যমের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। নৈতিক সাংবাদিকতার সুরক্ষায় দক্ষিণ এশিয়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার একটি নতুন উদ্যোগের কথা জানান তিনি।
বাংলাদেশে হয়রানি এবং চাপের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরার অনুরোধ ছিল ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনামের প্রতি। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি তাঁর জন্য বিরক্তিকর মন্তব্য করে মাহ্ফুজ আনাম বলেন, সত্য ও সাহসী সাংবাদিকতার শত্রু সব সময়ই ছিল এবং থাকবে। বরং গণমাধ্যমগুলোর আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গণমাধ্যম যখন বিপদে পড়ে, তখন পাঠকেরা কেন এর পক্ষে দাঁড়ায় না—তা নিয়ে ভাবতে হবে। তিনি বলেন, পশ্চিমা দেশের সরকার ও এখানকার গণমাধ্যমগুলো দুর্বল গণতন্ত্রের দেশগুলোর গণমাধ্যমের রক্ষক হিসেবে বিবেচিত হতো। কিন্তু ইরাকে হামলা চালানোর পক্ষে পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রশ্নহীন সাফাই এবং অব্যাহতভাবে অভিবাসন ও ইসলামভীতির প্রচার পশ্চিমা গণমাধ্যমগুলোর নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি বলেন, ক্ষমতাসীনেরা এখন কেবল চাপ প্রয়োগ করেন না, তাঁরা রাজনৈতিক কর্মীদের হাতে সাংবাদিকতা তুলে দিয়ে এই পেশাকে দূষিত করার কৌশল নিয়েছেন। যে কারণে শত শত সংবাদমাধ্যম থাকা সত্ত্বেও প্রকৃত সত্য প্রকাশের চেষ্টা খুবই কম। আর স্বাধীন গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগে এরাও ক্ষমতাসীনদের সহায়ক হয়ে কাজ করে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিকাশসহ রাজনৈতিক ও অরাজনৈতিক নানা চাপ থাকবে। কিন্তু সৎ ও সাহসী সাংবাদিকতা দিয়েই এসব মোকাবিলা করতে হবে।
এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার কলাম লেখক আফতাব সিদ্দিকী বলেন, তাঁর দেশে গণমাধ্যমের ওপর সরকারি চাপের চেয়ে বিভিন্ন উগ্র গোষ্ঠীর চাপই বেশি। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষের সহযোগিতার ওপর জোর দেন।
আইসিএসের গবেষক ডেভিড পেইজ শ্রীলঙ্কায় স্বাধীন গণমাধ্যমের ইতিবাচক অগ্রগতির কথা তুলে ধরে বলেন, ২০১৫ সালে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বেশ কিছু আইনি সংস্কার সাধিত হয়েছে।