সাহায্য কমানোর ঘোষণা দিল অ্যাবটের জোট

অস্ট্রেলিয়ার বিরোধী জোট গতকাল বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, আসন্ন নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে তারা বিদেশে সাহায্য দেওয়া কমাবে। সেই অর্থ দেশের অবকাঠামোগত প্রকল্পগুলোতে ব্যয় করা হবে।
আগামীকাল শনিবার অস্ট্রেলিয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে টনি অ্যাবটের লিবারেল পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোট ও বর্তমান প্রধানমন্ত্রী কেভিন রাডের দল লেবার পার্টির মধ্যে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশের অর্থনীতি। নির্বাচন-পূর্ব জনমত জরিপগুলোর ফল বলছে, অ্যাবটের জোটই জিততে যাচ্ছে।
৪০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার (৩৬ দশমিক ৭ মার্কিন ডলার) ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়ার বিরোধী জোট। জোট আরও জানিয়েছে, তারা দেশের ১৬ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার ঋণ কমাবে।
বিরোধী জোট ক্ষমতায় গেলে তাদের ব্যয়-সংক্রান্ত নীতি কেমন হবে, তা দেখার জন্য সবাই প্রতীক্ষায় ছিল। তবে নির্বাচনের মাত্র দুই দিন আগে এই নীতি ঘোষণা করায় প্রতিপক্ষের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী কেভিন রাড।
অ্যাবটের গুরুত্বপূর্ণ নীতিগুলোর মধ্যে রয়েছে করপোরেট দূষণ কর এবং খনি থেকে অর্জিত লাভের ওপর কর বাতিল করা। এ ছাড়া তিনি কর্মীদের সবেতন মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন।
বিরোধী জোটের অর্থবিষয়ক মুখপাত্র জো হকি বলেন, ‘যদি আমাদের অর্থনীতি শক্তিশালী থাকে, তবেই কেবল আমরা বাকি বিশ্বের জন্য একটি অধিকতর উদার জাতি হতে পারি।’ তবে বৈদেশিক সহায়তা কমানোর ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছে ইউনিসেফ, ওয়ার্ল্ড ভিশন ও অক্সফাম। তারা বলেছে, অস্ট্রেলিয়া সাহায্য দেওয়া কমালে তার মূল্য দিতে হবে বিশ্বের সবচেয়ে অরক্ষিত জনগোষ্ঠীকে। এএফপি।