সাহারা গ্রুপের সুব্রত রায় গ্রেপ্তার

আদালত অবমাননার দায়ে শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন ভারতের সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়। আজ শুক্রবার লক্ষৌতে উত্তর প্রদেশ পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আদালত সূত্র জানায়, আত্মসমর্পণ করার পর সুব্রতর আইনজীবী রাম জেঠমালানি সুপ্রিম কোর্টে শুনানি এগিয়ে আনার আবেদন জানান। সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেন। নিজের বাড়িতে তাঁকে নজরবন্দি রাখার আবেদনও করেছিলেন সুব্রত। সেটাও খারিজ করে দিয়ে সাহারা গ্রুপের প্রধানকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।
আগামী মঙ্গলবার সুব্রতকে সুপ্রিম কোর্টে পেশ করা হবে। সুব্রত রায়ের গ্রেপ্তারের ফলে শুক্রবার এক দিনেই সাহারার শেয়ারের দাম ৪ শতাংশ কমে যায়।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সর্বোচ্চ আদালতে হাজির না হওয়ায় সুব্রত সাহারার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। লক্ষৌতে আড়াই শ একর জমির ওপর তাঁর ব্যক্তিগত শহর সাহারা নগরে গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করতে যায় উত্তর প্রদেশ পুলিশের একটি দল। কিন্তু পুলিশ তাঁর হদিস পায়নি। আজ শুক্রবার সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। একই সময়ে দিল্লিতে সুব্রত রায়ের একটি লিখিত বিবৃতি পাঠ করেন তাঁর ছেলে সীমন্ত রায়। ওই বিবৃতিতে বলা হয়, সুব্রতর গ্রেপ্তার সাহারার ব্যবসায় কোনো প্রভাব ফেলবে না।
সাহারা গোষ্ঠীর একাধিক কোম্পানির বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে অর্থ সংগ্রহের অভিযোগে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) মামলা দায়ের করে। আদালত সুব্রতকে ২৪ হাজার কোটি রুপি আমানতকারীদের ফেরত দেওয়ার নির্দেশ দেন। নানা টালবাহানায় সাহারা গোষ্ঠী সেই মামলা বিলম্বিত করে চলছিল। বিরক্ত সুপ্রিম কোর্ট সম্প্রতি তাঁর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং তাঁকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ৯২ বছর বয়সী মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে সুব্রত রায় হাজিরা থেকে অব্যাহতি চান। সুপ্রিম কোর্ট তা অগ্রাহ্য করে ২৬ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দেন। কিন্তু ওই দিন হাজির না হওয়ায় বিচারপতি কে এস রাধাকৃষ্ণন ও বিচারপতি জে এস কেহর সুব্রত সাহারার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।