পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের উদ্ধারকর্মীরা সাহারা মরুভূমি থেকে নারী, শিশুসহ অন্তত ৮৭ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে ৪৭টিই শিশু।
উদ্ধারকর্মীরা গত বুধবার এ তথ্য জানিয়ে বলেন, মরুভূমি পাড়ি দেওয়ার সময় ওই অভিবাসীদের অন্তত দুটি গাড়ি বিকল হয়ে যায়। পরে ক্ষুধা ও তৃষ্ণায় মৃত্যু হয় তাদের।
উদ্ধারকর্মী আল-মোস্তফা আল-হাছেন বলেন, ধারণা করা হচ্ছে, উদ্ধার করা মৃতদেহগুলো অভিবাসী শ্রমিক, তাঁদের স্ত্রী ও সন্তানদের। মৃতদেহগুলো প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। অধিকাংশ লাশ পচে বিকৃত হয়ে পড়েছে। বেশ কটি লাশের অধিকাংশ শিয়ালে কিংবা অন্য প্রাণী খেয়েছে। এই অভিবাসীরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি।
আফ্রিকার সাব সাহারা অঞ্চল থেকে ইউরোপে পাড়ি জমানোর গুরুত্বপূর্ণ পথের মধ্যে পড়ে স্থলবেষ্টিত দেশ নাইজার। দুর্গম ও প্রতিকূল আবহাওয়ার মরুভূমিতে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেশির ভাগই শেষ পর্যন্ত ইউরোপে পৌঁছাতে পারে না। উত্তর আফ্রিকার দেশগুলোতেই আটকা পড়ে।
উদ্ধারকর্মী আল-হাছেন বলেন, বেঁচে যাওয়া কয়েকজন জানিয়েছেন সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুর দিকে ওই হতভাগ্য অভিবাসীদের বহনকারী একটি গাড়ি বিকল হয়। বিবিসি।