সাহারাপ্রধান সুব্রতর গ্রেপ্তার চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাহারা শিল্পগোষ্ঠীর প্রধান সুব্রত রায় সাহারা এবং অপর দুই পরিচালকের গ্রেপ্তার চেয়ে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। গতকাল শুক্রবার দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (সেবি) এই আবেদন করে। একই সঙ্গে সাহারা শিল্পগোষ্ঠীর এই তিন শীর্ষ কর্মকর্তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও আবেদন জানানো হয়েছে।আদালতের আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ে সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট করপোরেশন (এসআইআরইসি) ও সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট করপোরেশন (এসএইচআইসি) বিনিয়োগকারীদের ২৪ হাজার কোটি রুপি ফেরত দিতে ব্যর্থ হওয়ায় এই আবেদন করেছে সেবি।বিচারপতি কে এস রাধাকৃষ্ণের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চে করা আবেদনে সুব্রত রায় সাহারা এবং গোষ্ঠীটির অপর দুই পরিচালক অশোক রায় চৌধুরী ও রবি শঙ্কর দুবাইকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়েছে সেবি। একই সঙ্গে তাঁদের পাসপোর্ট সুপ্রিম কোর্টে জমা রাখারও নির্দেশনা চাওয়া হয়েছে।আদালত এই আবেদনের ওপর শুনানিতে সম্মত হয়েছেন। এপ্রিলের প্রথম সপ্তাহে শুনানির সময় নির্ধারণ করেছেন আদালত।এদিকে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য আরও সময় চেয়ে গতকাল সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিল সাহারা শিল্পগোষ্ঠী। তবে আদালত এই আবেদন খারিজ করে দিয়েছেন। এ ছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিনিয়োগকারীদের অর্থ ফেরত না দেওয়ায় তাদের ভর্ৎসনাও করেছেন সর্বোচ্চ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ। এর আগে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহ থেকে সময় বাড়িয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ করা হয়েছিল। বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আদালতের আদেশ অমান্য করায় এসআইআরইসি, এসএইচ-আইসি ও সুব্রত রায় সাহারা আদালত অবমাননায় অভিযুক্ত হয়েছেন।১৯৭৮ সালে মাত্র দুই হাজার রুপি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন সুব্রত রায় সাহারা। আজকের ‘সাহারা ইন্ডিয়া পরিবারের’ সম্পদের পরিমাণ প্রায় ২৬ বিলিয়ন মার্কিন ডলার। ইন্ডিয়া টুডের বিবেচনায় ভারতের সবচেয়ে প্রভাবশালী ১০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন সুব্রত রায়। পিটিআই।