সাহারাপ্রধান সুব্রতর মুখে কালি

আদালত চত্বরে গাড়ি থেকে নামার পরপরই ৭৫ হাজার কোটি রুপির মালিক সাহারা গোষ্ঠীর প্রধান সুব্রত রায়ের মুখে কালি ছিটিয়ে দিয়েছেন মনোজ শর্মা নামের এক ব্যক্তি। কালি ছুড়েই ক্ষান্ত হননি তিনি। চিত্কার করে বলতে থাকেন, ‘সুব্রত রায় একজন চোর। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ তিনি চুরি করেছেন।’ মনোজ জানান, তিনি একজন আইনজীবী। দুই বছর আগে কমনওয়েলথ গেমস কেলেঙ্কারিতে অভিযুক্ত কংগ্রেস সাংসদ সুরেশ কালমাডির দিকেও তিনি জুতো ছুড়ে মেরেছিলেন।
মুখ ও জামায় কালিলেপা অবস্থাতেই সুব্রত রায় আদালতে ঢোকেন, করজোড়ে ক্ষমা চান, অর্থ পরিশোধের বিকল্প প্রস্তাব দেন। কিন্তু পুলিশি হেফাজত আটকাতে পারেননি।
আজ মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি পর্যন্ত সুব্রত রায়ের পুলিশি হেফাজতে থাকার মেয়াদ বাড়িয়ে দেওয়ার আদেশ দিয়েছেন। শুধু সুব্রত রায়ই নন, তাঁর যে দুই কোম্পানির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, এক নারী পরিচালক ছাড়া তার অন্য পরিচালকদেরও পুলিশি হেফাজতে থাকতে হবে বলে আদেশ দিয়েছেন আদালত। আদালত বলেছেন, হেফাজত উত্তর প্রদেশ পুলিশের নয়, দিল্লি পুলিশের।
সাহারা প্রধানের বিরুদ্ধে গত বছরের ২৬ মার্চ জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সুপ্রিম কোর্ট। সুব্রত রায় নানা অজুহাতে সুপ্রিম কোর্টে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত উত্তর প্রদেশ পুলিশ ২৭ ফেব্রুয়ারি তাঁকে লক্ষৌয়ে গ্রেপ্তার করে বন দপ্তরের এক বাংলোয় আটক রাখে। আজ বেলা একটার দিকে পুলিশি পাহারায় তাঁকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়। আদালতে দুই ঘণ্টা সওয়াল জবাবের সময় সুব্রত রায় অর্থ ফেরত দিতে দুই মাসের বাড়তি সময় চান। তিনি বলেন, এই দুই মাসে তাঁদের সম্পত্তি বিক্রি করে লগ্নিকারীদের বকেয়া অর্থ ফেরত দেবেন। সাহারা পরিবারের ১৬ লাখ কর্মীর দিকটাও আদালতকে মনে রাখতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আদালতের ওপর আমার পুরো ভরসা আছে। আমি নির্দেশ অমান্য করলে আমাকে শাস্তি দিন।’ কিন্তু সুপ্রিম কোর্ট এই আবেদন গ্রাহ্য করেননি। বিচারপতি বলেন, এই প্রস্তাবে আদালত সন্তুষ্ট নয়। ‘এতদিন ধরে আপনারা টালবাহানা করেছেন। আমরা আপনাকে সম্মান দিয়েছি, কিন্তু আপনি দেননি। আদালতকে আপনি গুরুত্ব দিলে এই অবস্থা হতো না। আপনারা আমাদের কোণঠাসা করে দিয়েছেন।’
শেয়ার ও স্টক এক্সচেঞ্জে লগ্নিকারীদের স্বার্থ দেখতে গঠিত সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) সাহারা গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত করেছে। কোম্পানির যে দুটি প্রকল্প থেকে ২৪ হাজার কোটি রুপি সংগৃহীত হয়, তা বেআইনি বলে ঘোষণা করেন আদালত এবং আমানতকারীদের অর্থ ফেরতের নির্দেশ দেন। দীর্ঘ টালবাহানার পর সাহারা জানায়, তারা বেশির ভাগ অর্থই ফেরত দিয়েছে। বাকি আছে মাত্র পাঁচ হাজার কোটি রুপি। আদালতের কাছে কোম্পানির পক্ষ থেকে এ কথাও জানানো হয়েছিল, তারা আমানতকারীদের অর্থ নগদে ফেরত দিয়েছে। সুপ্রিম কোর্টের কাছে তা বিশ্বাসযোগ্য মনে হয়নি।
সুব্রত রায় আদালতকে জানান, নিজেদের সম্পত্তি বিক্রি করে তাঁরা বকেয়া পাওনা শোধ করবেন। সে জন্য তিনি ব্যাংক গ্যারান্টি দেওয়ারও প্রতিশ্রুতি দেন। এই প্রস্তাব শীর্ষ আদালত গ্রাহ্য করেননি। আদালত এ কথাও বলেছেন, নগদে অর্থ ফেরত দেওয়া যাবে না। ফেরত দিতে হবে চেক বা ড্রাফট মারফত।