সাহারাপ্রধানের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুব্রত রায়
সুব্রত রায়

ভারতের সাহারা শিল্পগোষ্ঠীর প্রধান সুব্রত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বুধবার দেশটির সুপ্রিম কোর্ট পরোয়ানা জারি করেন।
এর আগের দিন মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (সেবি) মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে সুব্রত রায়ের করা আবেদন নাকচ করেন দেশটির সর্বোচ্চ এই আদালত।
আগামী ৪ মার্চ সুব্রতকে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। সাহারা প্রধানের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, এই আদালতের হাত অনেক লম্বা। গত সোমবারও আপনি একই ধরনের অনুরোধ করেছিলেন। আদালত তা নাকচ করে দিয়েছিলেন। আজ (গতকাল) আবার আপনি একই ধরনের আবেদন করেছেন। শিল্পগোষ্ঠীর অন্য পরিচালকেরা ইতিমধ্যে আদালতে হাজির হয়েছেন। তাহলে তিনি (সুব্রত) পারেননি কেন?
সুব্রতের আইনজীবী রাম জেঠমালানি আদালতকে জানান, তাঁর (সুব্রত) মা অসুস্থ। এ জন্য সুব্রতকে মায়ের পাশে থাকতে হচ্ছে।
আদালত আবেদন নাকচ করে দিয়ে বলেন, গত দুই বছর তাঁকে সশরীরে হাজিরা না দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আর নয়।
কৌঁসুলিহেমন্ত সাহাই বলেন, হয় পুলিশকে আনুষ্ঠানিকভাবে সুব্রতকে গ্রেপ্তার করতে হবে অথবা তাঁকে আদালতে হাজির হতে বলতে হবে।
গত বছর সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট করপোরেশন ও সাহারা হাউজিং করপোরেশন বিনিয়োগ-কারীদের অন্তত ১৯ হাজার কোটি রুপি ফেরত দিতে ব্যর্থ হয়। এ ঘটনায় সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয় সেবি। এনডিটিভি।