সাহারার অর্থ ফেরতের প্রস্তাব খারিজ

ভারতের সাহারা গোষ্ঠী কয়েক কিস্তিতে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে সুপ্রিম কোর্টের কাছে যে প্রস্তাব দিয়েছিল, আদালত তা খারিজ করে দিয়েছেন। আজ শুক্রবার বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।এর আগে আদালতের কাছে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব না দিতে পারা পর্যন্ত সাহারার মালিক সুব্রত সাহা রায়কে জেলে রাখার নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত।
আদালতের নির্দেশনা অনুযায়ী, বেআইনিভাবে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা ২০ হাজার কোটি ভারতীয় রুপি ফেরত দিতে হবে সাহারাকে।
আজ সুপ্রিম কোর্টে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার একটি পরিকল্পনা জমা দেয় সাহারা গোষ্ঠী। এতে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে সাহারা আড়াই হাজার কোটি টাকা ফেরত দেবে আর বাকি টাকা পাঁচটি সমান কিস্তিতে দেবে। কিন্তু আদালত এ প্রস্তাবে রাজি হয়নি।
সুপ্রিম কোর্ট সাহারার ওই প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য বলেছে। একই সঙ্গে গ্রহণযোগ্য প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রায়ে বলা হয়েছে, গ্রহণযোগ্য প্রস্তাব দেওয়া পর্যন্ত সাহারা গোষ্ঠীর মালিক সুব্রত রায়কে জেলেই থাকতে হবে।
জমি বাড়ির ব্যবসায় জড়িত সাহারার দুটি কোম্পানি বেআইনিভাবে শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি করেছে। আর সেই আমানত ফিরিয়ে দেওয়ার জন্য শেয়ার বাজার নিয়ন্ত্রকের কাছে প্রায় ২২ হাজার কোটি টাকা ফেরত দিতে হবে সাহারা গোষ্ঠীকে।