সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক মানরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিস মানরো
অ্যালিস মানরো

‘সমসাময়িক ছোটগল্পের দিকপাল’খ্যাত কানাডীয় লেখক অ্যালিস মানরো এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। সুইডিশ নোবেল একাডেমি মানরোকে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে।

সুইডিশ একাডেমির স্থায়ী সচিব পিটার ইংলুড এ পুরস্কারের ঘোষণা দেন বলে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়।

অ্যালিস মানরো এ পর্যন্ত সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া ১৩তম নারী। ‘ডিয়ার লাইফ’ ও ‘ড্যান্স অব দ্য হ্যাপি শেডস’ মানরোর বহুল আলোচিত ছোটগল্প।

৮২ বছর বয়সী এ ছোটগল্পকার কিশোর বয়সে লেখালেখি শুরু করেন। ১৯৫০ সালে তাঁর প্রথম ছোটগল্প ‘দ্য ডাইমেনশনস অব এ শ্যাডো’ প্রকাশিত হয়। তিনি সে সময় ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়াশোনা করছিলেন।

১৯৬৮ সালে তাঁর প্রকাশিত বই ‘ড্যান্স অব হ্যাপি শেডস’ কানাডার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার গভর্নর জেনারেল পায়।

২০০৯ সালে সাহিত্যে অবদানের জন্য অ্যালিস মানরো আন্তর্জাতিক ম্যান বুকার পুরস্কার লাভ করেন।

মানরো তাঁর লেখনীতে মানবীয় চেতনা ও ছোট শহরগুলোতে মেয়েদের বেড়ে ওঠার পেছনের দ্বন্দ্ব-সংঘাত ফুটিয়ে তোলেন। মানরোর প্রথম দিকের গল্পগুলোতে উইংহ্যাম শহরে তাঁর নিজের বেড়ে ওঠার অভিজ্ঞতার প্রতিফলন দেখা যায়।

১৯৭৬ সালে সল বেলোর পর মানরোই সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী প্রথম কানাডীয় সাহিত্যিক। গত বছর চীনের সাহিত্যিক মো ইয়ান সাহিত্যে নোবেল পান।