সাড়ে চার শ ত্রাণকর্মী তুরস্কে পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরুদ্ধ গাজাবাসীকে জাহাজযোগে ত্রাণসহায়তা দিতে গিয়ে ইসরায়েলের হামলার শিকার হওয়া কয়েক শ ত্রাণকর্মী অবশেষে ছাড়া পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার একটি বিশেষ বিমানে করে তাঁদের ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুল নগরে নিয়ে আসা হয়। বিমানবন্দরে তুরস্কের উপপ্রধানমন্ত্রী ব্লুয়েন্ত আরিনকসহ হাজার হাজার মানুষ তাঁদের স্বাগত জানান। ছাড়া পাওয়া ত্রাণকর্মীদের মধ্যে ইসরায়েলি সেনাদের হাতে নিহত হওয়া নয়জনের মৃতদেহ ওই একই বিমানে পাঠানো হয়। তুরস্কের বার্তা সংস্থা আনাতোলিয়া জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে আটজন তুরস্কের ও একজন তুর্কি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ত্রাণ সংস্থার কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল যে কয়জন হতাহতের কথা স্বীকার করেছে প্রকৃতপক্ষে সে সংখ্যা অনেক বেশি। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এ ঘটনার আন্তর্জাতিক তদন্ত করার সিদ্ধান্ত নিলেও ইসরায়েল সরাসরি তা প্রত্যাখ্যান করেছে। তুরস্ক গতকাল তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে।কর্মকর্তারা বলেছেন, গতকাল একটি বিশেষ বিমানে করে ইসরায়েল থেকে তুরস্ক সরকার মোট ৪৫০ ত্রাণকর্মীকে ইস্তাম্বুল নিয়ে আসে। তুর্কি নাগরিক ছাড়াও তাঁদের মধ্যে ৩৭ জন ব্রিটিশসহ বহু বিদেশি নাগরিক রয়েছেন। বিমান থেকে নামার পর তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে আসা হাজার হাজার মানুষ তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা নিয়ে ইসরায়েলবিরোধী স্লোগান দেয়। সেখানে উপস্থিত তুরস্কের উপপ্রধানমন্ত্রী ব্লুয়েন্ত আরিনক ইসরায়েলের কড়া সমালোচনা করে বক্তব্য দেন। তিনি এ ঘটনার জন্য তুরস্ককে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান। টার্কিশ ইসলামিক চ্যারিটি নামের যে সাহায্য সংস্থার উদ্যোগে গাজায় ত্রাণ নেওয়া হচ্ছিল, তিনি সে সংস্থাকে সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।টার্কিশ ইসলামিক চ্যারিটির সহযোগী সংস্থা ফাউন্ডেশন অব হিউম্যানিটারিয়ান রিলিফের প্রধান ব্লুয়েন্ত ইলদ্রিম বলেছেন, তাঁরা ত্রাণ নিয়ে গাজা যাওয়ার পথে ইসরায়েলি সেনারা জলদস্যুর মতো তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা বাছবিচার ছাড়াই কর্মীদের ওপর গুলি চালাতে থাকে। তিনি বলেন, ইসরায়েলি সেনারা তাঁদের বহু কর্মীকে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দিয়েছে। গুলি করে হত্যা করেছে অসংখ্য কর্মীকে।এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গাজার ওপর থেকে ইসরায়েলের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ত্রাণসহায়তার নামে নৌবহর নিয়ে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা হতো। তাঁরা তাঁদের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই জাহাজে অভিযান চালিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল যা করেছে তার জন্য তিনি মোটেও অনুতপ্ত নন এবং এ জন্য তাঁদের ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিশন ভোটাভোটির মাধ্যমে স্বাধীন তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। ইসলামি সম্মেলন সংস্থা ওআইসির পক্ষে পাকিস্তান এবং আরব গ্রুপের পক্ষে সুদান বিষয়টি প্রস্তাবনা আকারে মানবাধিকার পরিষদে উত্থাপন করলে সেটি ভোটে দেওয়া হয়। পরিষদের ৪৭ সদস্যের মধ্যে ৩২ সদস্য স্বাধীন তদন্ত কমিশন গঠনের পক্ষে ভোট দেন এবং ইসরায়েলের তীব্র নিন্দা জানান। এএফপি ও বিবিসি অনলাইন।