সাড়ে চৌদ্দ হাজার ফুট উঁচু ভূমিতে বিমানবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন তিব্বতে একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে। এটি হবে পৃথিবীর সবচেয়ে উঁচুতে নির্মিত বিমানবন্দর। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল মঙ্গলবার এ কথা জানায়। খবর এএফপির। চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, আগামী বছর মধ্য তিব্বতের মালভূমি এলাকায় বিশেষ প্রশাসনিক অঞ্চল নাগকুতে বিমানবন্দর তৈরির কাজ শুরু হবে। যে স্থানটিতে বিমানবন্দরটি নির্মিত হচ্ছে, সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা চার হাজার ৪৩৬ মিটার বা ১৪ হাজার ৬৩৯ ফুট। তিব্বতের বামদা বিমানবন্দরের চেয়ে এটি ১০২ মিটার উঁচুতে। এতে ব্যয় হবে ১৮০ কোটি ইউয়ান (দুই কোটি ৬০ লাখ ডলার)। উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে বামদা বিমানবন্দরটি পৃথিবীর সবচেয়ে উঁচুতে নির্মিত বিমানবন্দর হিসেবে পরিচিত হয়ে আসছে। সিনহুয়া বলেছে, তিব্বত-কুইনঘাই মালভূমির কেন্দ্রীয় অঞ্চলে নাগকু অবস্থিত। এটি তিব্বতের রাজধানী লাসা থেকে ৩০০ কিলোমিটার দূরে। প্রায় চার লাখ আদিবাসী তিব্বতির বসবাস সেখানে। নাগকু উন্নয়ন ও সংস্কারবিষয়ক কমিটির পরিচালক জু জিয়ান বলেন, তিব্বতের সামগ্রিক উন্নয়নের অংশ হিসেবে বিমানবন্দরটি তৈরি করা হচ্ছে। তিন বছরে এর নির্মাণকাজ সম্পন্ন করা হবে। ২৩৩ থেকে ২৬৬ হেক্টর জায়গাজুড়ে এটি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি নিয়ে তিব্বতে মোট বিমানবন্দরের সংখ্যা দাঁড়াবে ছয়টিতে। চীনা শাসনের সমালোচকেরা বলেছেন, এ ধরনের স্থাপনা নির্মাণের মধ্য দিয়ে সংখ্যাগুরু হান সম্প্রদায়ের লোকজনের আগমন আশঙ্কাজনক হারে বেড়ে যাবে তিব্বতে। এর ফলে এ অঞ্চলের সম্পদের ভাগাভাগি হয়ে যাবে এবং সেখানকার রাজনৈতিক স্থিতিশীলতাকে অস্থিতিশীল করে তুলবে। তবে বেইজিং বলেছে, নতুন বিমানবন্দর তৈরির মধ্য দিয়ে দুর্গম এলাকার মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটবে। নাগকু অঞ্চলের কমিশনার টান ইয়ংশু বলেন, বিমানবন্দর নির্মাণের কাজ শেষ হলে এ অঞ্চল বিশ্বের অন্যতম একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে।