সাড়ে পাঁচ মাস পর পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সাড়ে পাঁচ মাস কাটানোর পর গতকাল বুধবার তিন নভোচারীকে নিয়ে পৃথিবীতে ফিরেছে রাশিয়ার নভোযান সয়ুজ। তিন নভোচারী হলেন: রাশিয়ার ওলেগ কোতোভ, জাপানের সোইচি নোগুচি ও যুক্তরাষ্ট্রের তিমোথি ক্রেমার। সয়ুজ নভোযানে গতকাল কাজাখস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেঝেজকাজগান শহরে সফলভাবে অবতরণ করেন তাঁরা। রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান আনাতোলি পারমিনোভ এসব তথ্য জানিয়েছেন।আনাতোলি পারমিনোভ বলেন, তিন নভোচারীকে নিয়ে নভোযানটি সফলভাবে অবতরণ করেছে। নভোচারীদের স্বাস্থ্য বেশ ভালো আছে।এই তিন বিজ্ঞানী গত বছরের ডিসেম্বরে পৃথিবী থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান। নাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আইএসএসে অবস্থানকালে তাঁরা নানা গবেষণাকাজ ছাড়াও সেখানে মার্কিন গবেষণাকেন্দ্র স্থাপনে সহায়তা দেন। এ সময়ের মধ্যে তিনটি নভোযান মিশনেও সহায়তা করেন তাঁরা।নাসা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সয়ুজের পৃথিবীতে প্রত্যাবর্তন অভিযানে রুশ নভোচারী কোতোভ নেতৃত্ব দেন। তিনি এখন রাশিয়ার মহাকাশ ট্রেনিং সেন্টারে ফিরে যাবেন। এ ছাড়া মার্কিন বিজ্ঞানী ক্রেমার ও জাপানের বিজ্ঞানী নোগুচি ফিরে যাবেন হিউস্টনে। এএফপি।