সাড়ে ৩ লাখ ডলারের সোনা
দক্ষিণ অস্ট্রেলিয়ায় দুই খননকারী মাটি খুঁড়ে দুটি বড় আকারের স্বর্ণখণ্ড পেয়েছেন। এগুলোর মূল্য সাড়ে তিন লাখ অস্ট্রেলীয় ডলার (আড়াই লাখ মার্কিন ডলার)। এগুলোর ওজন সাড়ে তিন কিলোগ্রাম।
ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের স্বর্ণখনির শহর টার্নাগুলার কাছ থেকে এসব স্বর্ণখণ্ডের সন্ধান পান ব্রেন্ট শ্যানন ও ইথান ওয়েস্ট নামের দুই খননকারী। গত বৃহস্পতিবার ডিসকভারি চ্যানেলে টেলিভিশন শো ‘অজি গোল্ড হান্টার্স’-এ তাঁদের এ সোনার সন্ধান পাওয়ার ঘটনা সম্প্রচার করা হয়।
ওই দুই খননকারী প্রথমে মাটি খোঁড়েন ও পরে মেটাল ডিটেক্টরের সহায়তায় এ স্বর্ণখণ্ড দুটি পান। সিএনএনের খবরে বলা হয়, স্বর্ণ পাওয়ার ক্ষেত্রে এটা নিশ্চিতভাবে অন্যতম বড় ঘটনা। এক দিনে এমন দুটি বড় স্বর্ণখণ্ড পাওয়া একেবারেই বিস্ময়কর।
এ বিষয়ে ইথান ওয়েস্ট বলেন, সোনার সন্ধানে তিনি চার বছর ধরে খননকাজে যুক্ত আছেন। এ সময়ে সম্ভবত কয়েক হাজার টুকরা স্বর্ণ পেয়েছেন তিনি।
সোনার সন্ধানে চার বছর ধরে খননকাজে যুক্ত আছেন। এ সময়ে সম্ভবত কয়েক হাজার টুকরা স্বর্ণ পেয়েছেন।
ডিসকভারি চ্যানেলে বলা হয়, সন্ধান পাওয়া দুই স্বর্ণখণ্ডের জন্য এগুলোর সংগ্রাহকেরা আনুমানিক মূল্যের চেয়ে ৩০ শতাংশ বেশি মূল্য পরিশোধ করতে পারেন।
এর আগে ২০১৯ সালে এক অস্ট্রেলীয় নাগরিক প্রায় দেড় কেজি ওজনের একটি স্বর্ণখণ্ডের সন্ধান পেয়েছিলেন। যার আনুমানিক মূল্য ছিল ১ লাখ অস্ট্রেলীয় ডলার।