যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির কাছ থেকে ফোন রেকর্ড সংগ্রহ করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। এর বিনিময়ে সিআইএ ওই প্রতিষ্ঠানকে বছরে এক কোটি মার্কিন ডলার দেয়।
মার্কিন প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিআইএকে ফোন রেকর্ড সরবরাহের জন্য এটিঅ্যান্ডটির প্রতি মার্কিন আদালতের কোনো নির্দেশনা ছিল না। উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে এসব ফোন রেকর্ড সংগ্রহ করা হয়। এটিঅ্যান্ডটি সন্দেহভাজন সন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্র রয়েছে—এমন ফোন নম্বরও সরবরাহ করে সিআইএর কাছে।
নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, সিআইএ বিদেশে অবস্থানরত সন্দেহভাজন সন্ত্রাসীদের ফোন নম্বর এটিঅ্যান্ডটিকে জানিয়ে দিত। ওই নম্বর নিজের তথ্যভান্ডারে রেখে দিয়ে এটিআ্য্যন্ডটি এতে যোগাযোগকারী কোনো নম্বর পেলে তা জানিয়ে দিত সিআইএকে।
এটিঅ্যান্ডটির মুখপাত্র মার্ক সিগেল সিআইএকে ফোন রেকর্ড দেওয়ার খবরটি স্বীকার বা নাকচ কোনোটাই করেননি। তবে তিনি দাবি করেন, তাঁর প্রতিষ্ঠান আইনের আওতায় থেকেই কাজ করে। এএফপি।