সিআইএর নির্যাতনের শিকার মাশরির পক্ষে আদালতের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের মানবাধিকার আদালত গত বৃহস্পতিবার একজন জার্মান নাগরিকের পক্ষে রায় দিয়েছেন, নিরপরাধ হওয়া সত্ত্বেও যাঁকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গ্রেপ্তার করে বিচারবহির্ভূতভাবে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর ও নির্যাতন করেছিল।আদালত সিআইএর ‘ব্ল্যাক জেল’ খ্যাত গোপন আটককেন্দ্রগুলোতে জিজ্ঞাসাবাদের ঘটনাকে ‘নির্যাতন’ আখ্যা দিয়েছেন ও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। এ নিয়ে আইনি চাপে পড়েছে যুক্তরাষ্ট্র।খালেদ আল-মাশরি নামের ওই ব্যক্তিকে ২০০৩ সালের ডিসেম্বরে গ্রেপ্তার করে মেসিডোনিয়া। এরপর তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়। আদালত এ জন্য ক্ষতিপূরণ বাবদ মাশরিকে ৭৮ হাজার মার্কিন ডলার দেওয়ার নির্দেশ দিয়েছেন মেসিডোনিয়াকে। মাশরিকে একজন সন্দেহভাজন জঙ্গি ভেবে ভুল করে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তাঁকে পাঁচ মাস সিআইএর গোপন আটককেন্দ্রে কাটাতে হয়। পরে সিআইএ উপলব্ধি করে, তারা ভুল ব্যক্তিকে ধরে এনেছে। এরপর ২০০৪ সালে আলবেনিয়ার একটি রাস্তায় তাঁকে ফেলে দেওয়া হয়।মাশরি যুক্তরাষ্ট্র ও জার্মানির কর্তৃপক্ষের কাছে তাঁর নামের বিষয়টি পরিষ্কার করতে প্রথম থেকেই চেষ্টা করে আসছিলেন। মুক্তি পাওয়ার পর তিনি ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন।ফ্রান্সের স্ত্রসবুর্গে অবস্থিত ইউরোপীয় আদালতের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননি বংশোদ্ভূত জার্মান নাগরিক মাশরিকে মেসিডোনিয়ার রাজধানী স্কোপজির একটি হোটেল থেকে গ্রেপ্তার করার পর তাঁকে নির্জনে নিয়ে রাখা হয় এবং জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়। এরপর তাঁকে সিআইএর গুপ্তচরদের হাতে তুলে দেওয়া হয়। সিআইএ তাঁকে আফগানিস্তানের একটি আটককেন্দ্রে স্থানান্তর করে। সেখানে চার মাসেরও বেশি সময় আটক থাকার সময় তিনি আবার নির্মম আচরণের শিকার হন।আদালতের রায়ে বলা হয়েছে, মাশরি যে নির্মম আচরণের শিকার হয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। তাঁকে মেসিডোনিয়ার ভেতরে এবং যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের পরও নির্যাতন করা হয়েছে। বিচারবহির্ভূতভাবে এক দেশে থেকে অন্য দেশে স্থানান্তরের ঘটনা বিবেচনায় উভয় সময়ে নির্যাতনের জন্যই দায়ী মেসিডোনিয়ার কর্তৃপক্ষ।তবে মেসিডোনিয়ার কর্তৃপক্ষ বলেছে, রায়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হলেই কেবল এ বিষয়ে মন্তব্য করবে। তারা মাশরিকে অপহরণের ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।যদিও মামলাটির মূল আলোকপাত ছিল মেসিডোনিয়ার ভূমিকা, তার পরও এটা বড় ধরনের মনযোগ কেড়েছে ইউরোপে সিআইএর কর্মকাণ্ডের ওপরে; বিশেষ করে সিআইএর এ ধরনের কার্যক্রম ইউরোপের জন্য কতটা স্পর্শকাতর তার ওপরে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর সিআইএ আদালতের কোনো তোয়াক্কা না রেখেই ‘সন্ত্রাসী’ সন্দেহে এভাবে অনেককে অপহরণ ও জিজ্ঞাসাবাদ করে। ২০০৭ সালে ইউরোপের একটি পরিষদের তদন্তে অভিযোগ করা হয়, ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইউরোপের ১৪টি দেশের সরকার সিআইএকে আটককেন্দ্র পরিচালনা বা আটক ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরের অনুমতি দিয়েছে।ইউরোপীয় আদালতের ওই রায়ে যুক্তরাষ্ট্র সরকার আইনি চাপে পড়েছে। মাশরির ঘটনায় দেশটি কখনোই দুঃখ প্রকাশ করেনি। যদিও ২০০৫ সালে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছিলেন, তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস স্বীকার করেছেন যে মাশরির ঘটনায় একটা ‘ভুল’ হয়েছে। বিবিসি, আল-জাজিরা ও দ্য টেলিগ্রাফ।