সিআইএর মদদে যুক্তরাষ্ট্রে আস্তানা গেড়েছিল নাৎসিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির যে নাৎসিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাপে-নেউলে সম্পর্ক ছিল, সেই নাৎসি যুদ্ধাপরাধীদেরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আশ্রয় দিয়েছিল ওয়াশিংটন। শুধু আশ্রয়ই নয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সহায়তায় খোদ যুক্তরাষ্ট্রই তাদের জন্য হয়ে উঠেছিল নিরাপদ আস্তানা। মার্কিন বিচার মন্ত্রণালয়ের এক গোপন প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।এ ব্যাপারে নিউইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৬০০ পৃষ্ঠার ওই গোপন প্রতিবেদন তাদের হস্তগত হয়েছে। তারা বলেছে, মার্কিন বিচার মন্ত্রণালয় ২০০৬ সালে প্রতিবেদনটি তৈরি করেছিল। এটি যাতে কোনো দিন প্রকাশ না পায় তারা সে চেষ্টাও করেছিল। প্রতিবেদনে বলা হয়, বিচার মন্ত্রণালয়ের ওই গোপন প্রতিবেদনে ওয়াশিংটন নাৎসি যুদ্ধাপরাধীদের সরাসরি পুনর্বাসিত করেছিল বলে অভিযোগ করা হয়। এতে ওয়াশিংটনের এই তৎপরতাকে ‘উৎপীড়কদের মদদদান’ বলে উল্লেখ করা হয়।নাৎসি শনাক্তকরণ কার্যক্রম পরিচালনার জন্য বিচার মন্ত্রণালয়ের গঠিত অফিস অব স্পেশাল ইনভেস্টিগেশনের (ওএসআই) কর্মকর্তারা অনুসন্ধান করে জানতে পারেন, জার্মানি থেকে সিআইএর জ্ঞাতসারেই নাৎসি যুদ্ধাপরাধীরা যুক্তরাষ্ট্রে এসেছিল। এমনকি মার্কিন কর্মকর্তারা তাদের অধিকাংশেরই যুদ্ধাপরাধ-সংশ্লিষ্ট অতীত আগে থেকে জানতেন। ওএসআই তাদের প্রতিবেদনে বলেছে, উৎপীড়কদের ঠাঁই দিয়ে ও পুনর্বাসিত করে যুক্তরাষ্ট্র নিজেই গর্বিত বোধ করেছে। প্রতিবেদনে বলা হয়, জার্মানিকে ইহুদিমুক্ত করার পরিকল্পনায় যাঁর বিরাট ভূমিকা ছিল, সেই নাৎসিবাদী নেতা অ্যাডলফ আইখম্যানের অন্যতম সহকারী অটো ভন বোলশেভিংকে ১৯৫৪ সালে খোদ সিআইএ যুক্তরাষ্ট্রে ঢুকতে সহায়তা করেছিল। সিআইএর বেশ কিছু নথিতে দেখা গেছে, বোলশেভিংয়ের নাৎসিবাদী অতীত নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, তা মোকাবিলার জন্য কী করা হবে তা নিয়েও সিআইএর কর্মকর্তারা চিন্তাভাবনা করেছিলেন। তাঁকে আশ্রয় দেওয়ার বিষয়ে বিতর্ক উঠলে যুক্তরাষ্ট্র কি তাঁর নাৎসীবাদী তৎপরতার কথা সরাসরি অস্বীকার করবে না কি পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এনে তাঁকে আশ্রয় দেওয়ার কথা স্বীকার করে নেবে তা নিয়ে বিস্তর আলোচনা হয়। গোপন প্রতিবেদনে বলা হয়, বিচার মন্ত্রণালয় বোলশেভিংয়ের অতীত জানার পর ১৯৮১ সালে তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে চেয়েছিল। কিন্তু তার আগেই তিনি মারা যান। প্রতিবেদনে আরও বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির মিত্তেলওয়ার্ক বিস্ফোরক কারখানা যিনি পরিচালনা করতেন, সেই নাৎসি নেতা আর্থার এল রুডলফকেও যুক্তরাষ্ট্র জার্মানি থেকে নিয়ে এসেছিল। নাৎসি জার্মানির হয়ে যেসব বিজ্ঞানী কাজ করেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র তাঁদের নিয়ে আসে। যুক্তরাষ্ট্রের এ উদ্যোগটি অপারেশন পেপারক্লিপ নামে পরিচিত। এ উদ্যোগের অংশ হিসেবে রকেট নির্মাণে দক্ষ রুদোল্ফকেও যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। একইভাবে সাবেক নাৎসি সেনা শেরিম সুবজোকোভকেও নিজ দেশে পুনর্বাসন করে যুক্তরাষ্ট্র। তাঁর যুদ্ধাপরাধসংক্রান্ত অতীত সিআইএ এবং এফবিআই ইচ্ছে করেই চেপে যায়। এ ছাড়া ‘মৃত্যুদূত’ হিসেবে পরিচিত নাৎসি কর্মকর্তা ডা. জোসেফ মেঙ্গেলের মরণোত্তর তদন্তের তথ্যও এ প্রতিবেদনে রয়েছে। মার্কিন বিচার মন্ত্রণালয় বলেছে, ফাঁস হয়ে যাওয়া ওই প্রতিবেদনটি তাদের ছয় বছরের নিরলস গবেষণার ফসল। দি টেলিগ্রাফ অনলাইন।