সিআইএর সাত কর্মীর ওপর হামলার দাবি পাকিস্তানি তালেবানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে একটি মার্কিন ঘাঁটিতে গত বুধবারের আত্মঘাতী বোমা হামলার কৃতিত্ব দাবি করেছে পাকিস্তানি তালেবান। ওই হামলায় মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) সাত কর্মী নিহত হয়। গত শুক্রবার পাকিস্তানি তালেবানের একজন কমান্ডার ওই দাবি করেন। খবর এপির।পাকিস্তানি তালেবানের দাবি, ওই হামলা চালানোর জন্য সিআইএর দলছুট একজন কর্মীকে ব্যবহার করেছে তারা। পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় একজন শীর্ষ তালেবান নেতার হত্যার প্রতিশোধ নিতেই ওই হামলা চালানো হয়েছে বলে জানায় পাকিস্তানি তালেবান।পাকিস্তানি তালেবানের ওই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা প্রায় অসম্ভব। এ ছাড়া আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানি তালেবানের হামলার কৃতিত্ব দাবিও অস্বাভাবিক ঘটনা। আফগান তালেবান জঙ্গিরা ওই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, যখন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, তখনই পাকিস্তানি তালেবানের পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হলো।সিআইএ মুখপাত্র জর্জ লিটল বলেন, হামলা সম্পর্কে এখনো অনেক কিছু জানা যায়নি। তবে এটা পরিষ্কার যে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর ব্যাপারে সিআইএ সংকল্পবদ্ধ।পাকিস্তানি তালেবানের জ্যেষ্ঠ কমান্ডার কারি হুসেইন বলেন, পাকিস্তানের অভ্যন্তরে সিআইএর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সামর্থ্যকে ক্ষতিগ্রস্ত করার পথ খুঁজছিলেন তাঁরা। তিনি বলেন, একজন ‘সিআইএ এজেন্ট’ পাকিস্তানি তালেবান কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করে জানায়, জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য সিআইএ তাকে প্রশিক্ষণ দিয়েছে। কিন্তু সে জঙ্গিদের পক্ষে মার্কিন গোয়েন্দা অভিযানের ওপর হামলা চালাতে চায়। তবে ওই এজেন্টের জাতীয়তা সম্পর্কে কিছু জানাননি ওই তালেবান কমান্ডার।কারি হুসেইন এক সাংবাদিককে বলেন, এরপর তারা তাঁকে প্রশিক্ষণ দিয়ে খোস্ত বিমানঘাঁটিতে পাঠায়। সে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, যে একসময় তাদেরই (সিআইএ) লোক ছিল। কারি হুসেইনের সঙ্গে সাক্ষাত্ করার জন্য ওই সাংবাদিক গত শুক্রবার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে যান।এদিকে আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, শরীরে বিস্ফোরক বেঁধে আফগান জাতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা ঘাঁটিতে প্রবেশ করে নিজেকে উড়িয়ে দেন।পাকিস্তানি তালেবান ও আফগান তালেবান দুটি ভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। তাদের মধ্যে যোগাযোগ থাকলেও আফগানিস্তানকে পশ্চিমা বাহিনী থেকে মুক্ত এবং কাবুল থেকে মার্কিন-সমর্থিত সরকারের উত্খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আফগান তালেবান। অন্যদিকে, ইসলামাবাদ থেকে যুক্তরাষ্ট্রের সহযোগী সরকারের পতন ঘটানো পাকিস্তানি তালেবানের প্রাথমিক লক্ষ্য।