সিআরপিএফ জওয়ানসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গলমহলে ফের মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ হয়েছে। মাওবাদীদের গুলিতে সিআরপিএফের একজন জওয়ান নিহত হয়েছেন। এদিকে লালগড় এলাকায় অভিযানে নিয়োজিত যৌথ বাহিনী সংঘর্ষস্থল থেকে এক মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লালগড় থেকে পাঁচ কিলোমিটার দূরে ঝাড়গ্রাম শহরের কাছে বান্দারবনি ও চেরাবনিতে গত শুক্রবার রাত থেকে মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর জওয়ানদের গুলিবিনিময় শুরু হয়। গতকাল শনিবার সকাল পর্যন্ত দুই পক্ষের এ লড়াই চলে। এর পরই মাওবাদীরা পিছু হটে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, মাওবাদীরা গত কয়েক দিনে ঝাড়গ্রামের আশপাশের গ্রামগুলোতে অভিযান চালিয়ে বান্দারবনি, চেরাবনি ও তেঁতুলডাঙ্গা এলাকায় আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়ার পরই যৌথ বাহিনীর বিশাল বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে। তবে জওয়ানেরা এগিয়ে যেতে থাকলে মাওবাদীরা গুলি চালায়। এর পরই দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলিবিনিময়। নিরাপত্তা বাহিনী গতকাল ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবারই মাওবাদীরা একটি গ্রামে সিপিআইএমের কৃষক সভার একটি অফিস উড়িয়ে দেয়।