সিইওদের কাছে রাহুলের চেয়ে মোদি বেশি পছন্দের
ভারতের ব্যবসায়ী নেতাদের বেশির ভাগই প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর চেয়ে নরেন্দ্র মোদিকে বেশি পছন্দ করবেন। এক জরিপে অংশ নেওয়া ১০০ জন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) প্রায় তিন-চতুর্থাংশই চান আগামী নির্বাচনের পর বিজেপি নেতা নরেন্দ্র মোদি দেশকে নেতৃত্ব দিন। ইকোনমিক টাইমস ও নিয়েলসেন এ জরিপ চালায়।
৮০ বছর বয়সী মনমোহন সিং টানা দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকার পর মনে করা হচ্ছে তিনি এই পদ থেকে সরে যাবেন। কংগ্রেসের অনেক নেতা রাহুল গান্ধীকে তাঁর উত্তরসূরি হিসেবে দেখছেন। তবে জরিপে অংশ নেওয়া মাত্র ৭ শতাংশ সিইও রাহুলকে আগামী প্রধানমন্ত্রী দেখতে চান।
ইকোনমিক টাইমস জরিপের ফলের ওপর মন্তব্যে লিখেছে: নীতিগত ক্ষেত্রে দীর্ঘ শূন্যতার পর সিইওরা শক্তিশালী নেতৃত্ব, অভিপ্রায়, সিদ্ধান্ত এবং কাজ দেখতে অধৈর্য হয়ে উঠেছেন। তাঁরা মনে করছেন, রাহুলের চেয়ে মোদি এসব বিবেচনায় এগিয়ে।
জরিপটি সেপ্টেম্বরের শুরুর দিকে চালানো হয়। নরেন্দ্র মোদি গুজরাটের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দুই অঙ্কে তুলতে সক্ষম হয়েছেন। অপর দিকে রাহুলের বক্তব্যে সমালোচকেরা অস্পষ্টতা এবং অসংলগ্নতা খুঁজে পান। রয়টার্স।