সিউলের আলোচনার প্রস্তাব নাকচ করল পিয়ংইয়ং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কোরিয়ার যৌথভাবে গড়ে ওঠা কায়েসং শিল্পাঞ্চলের ভবিষ্যৎ নিয়ে সিউলের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। সেই সঙ্গে সিউলের আলোচনার প্রস্তাবকে অন্তঃসারশূন্য রাজনৈতিক বক্তব্য বলেও গতকাল সোমবার অভিহিত করেছে উত্তর কোরিয়া।কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে কায়েসং শিল্পাঞ্চল স্থায়ীভাবে বন্ধ করে দিতে সম্প্রতি হুমকি দেয় পিয়ংইয়ং। কায়েসং শিল্পাঞ্চল থেকে পিয়ংইয়ং ৫৩ হাজার কর্মী প্রত্যাহার করে নেওয়ারও ঘোষণা দিয়েছে।এ হুমকির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সিউল বলেছে, কায়েসং শিল্পাঞ্চলের ভবিষ্যৎ নিয়ে পিয়ংইয়ংয়ের আলোচনায় বসা উচিত। তা না হলে ভবিষ্যতে বিনিয়োগকারীদের আস্থার ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। সিউলের এই আলোচনার প্রস্তাব নাকচ করেছে পিয়ংইয়ং। একে অর্থহীন বলে অভিহিত করেছে দেশটি। তারা বলেছে, আলোচনার ব্যাপারে সিউল সত্যিকারে আন্তরিক হলে প্রথমে তাদের সংঘাতমূলক অবস্থান ত্যাগ করতে হবে।এদিকে গতকাল উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম ইল সুংয়ের ১০১তম জন্মদিন উদ্যাপন করে পিয়ংইয়ং। ধারণা করা হচ্ছে, এ উপলক্ষে উত্তর কোরিয়া তার সর্বোচ্চ সামরিক দক্ষতা প্রদর্শন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে পিয়ংইয়ং। তবে গতকাল সন্ধ্যায় পর্যন্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কোনো তথ্য পাওয়া যায়নি।সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে। এ ঘটনায় ওই অঞ্চলে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এএফপি।