ভারত, নেপাল ও তিব্বতে গত রোববারের শক্তিশালী ভূমিকম্পের পর এখনো উদ্ধারকারী দল বহু এলাকাতেই পৌঁছাতে পারেনি। ফলে উদ্ধারকাজে ধীরগতি দেখা দিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বহু মানুষ। এদিকে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩। এর মধ্যে ৫০ জনই সিকিমের। কর্মকর্তারা জানান, প্রবল বর্ষণ এবং ভূমিধসে রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় ভূমিকম্পের দুই দিন পরও উদ্ধারকারী দল দুর্গত বহু এলাকাতেই পৌঁছাতে পারেনি। আর যেসব জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে, সেই সব স্থানেও চারদিকে ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ। বাড়িঘর ভেঙে পড়েছে, উল্টে গেছে বিদ্যুৎ ও মোবাইল ফোনের টাওয়ার। রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল। সিকিমে উদ্ধার তৎপরতায় প্রায় ছয় হাজার সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্য অংশ নিয়েছে। রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো মাঙয়ান, রংপো, দিকচু, সিঙটাম ও চুয়াঙথাঙ। ইতিমধ্যেই এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন ভারতের স্বরাষ্ট্রসচিব আর কে সিং। গতকাল নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রসচিব বলেন, ভূমিকম্পের মূল কেন্দ্রের নিকটবর্তী মাঙয়ান এলাকায় পৌঁছাতে সেনা প্রকৌশলীদের বিস্ফোরক ব্যবহার করে চলাচলের পথ বের করতে হয়েছে। ওই অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, এখানকার প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছাতে উদ্ধারকারী দলের কমপক্ষে আরও দুই দিন লাগবে। এদিকে সিকিমের গ্যাংটকের শত শত বাসিন্দা নতুন করে ভূকম্পনের আশঙ্কায় গতকাল দ্বিতীয় দিনের মতো ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। রাজ্যে শতাধিক ত্রাণশিবির খোলা হয়েছে। বিমানবাহিনীর নয়টি হেলিকপ্টারও উদ্ধারকাজে নামানো হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে শুকনো খাবার। ভূমিকম্পে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ১২ জন হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ে বহু বাড়ি ধসে পড়েছে, রাস্তায় দেখা দিয়েছে ফাটল। আর বিহারে মারা গেছে ছয়জন। তবে বেসরকারিভাবে বিহারে মৃতের সংখ্যা আটজন বলে জানানো হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তিব্বতের দক্ষিণাঞ্চলে মারা গেছে সাতজন। স্বরাষ্ট্রসচিব আর কে সিং জানিয়েছেন, সিঙটামে তিস্তা পানিবিদ্যুৎ প্রকল্পের ১০ কর্মী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। মাঙয়ানে যে সেনা ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই ব্যাটালিয়নের দুই জওয়ান মারা গেছেন।