সিক্রেট সার্ভিসের তিন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার কার্টাজেনায় যৌন কেলেঙ্কারির ঘটনায় মার্কিন সিক্রেট সার্ভিসের তিন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার সিক্রেট সার্ভিসের সহকারী পরিচালক পল মরিসে বলেন, ওই ঘটনায় একজন সুপারভাইজারকে বরখাস্ত করা হয়েছে। অবসর দেওয়া হয়েছে আরেক সুপারভাইজারকে। এ ছাড়া একজন কনিষ্ঠ সদস্য পদত্যাগ করেছেন। যে দুজন সুপারভাইজার সিক্রেট সার্ভিস ত্যাগ করেছেন, তাঁরা উভয়েই ২০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ছিলেন।পল মরিসে জানান, যৌন কেলেঙ্কারির ঘটনার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযুক্ত আটজন কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটি এবং তাঁদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়েছে।ঘটনার তদন্তে অভিযুক্ত সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় মিথ্যা শনাক্তকরণ যন্ত্রের ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সংস্থার অভ্যন্তরীণ তদন্তকারীরা কার্টাজেনায় ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়েছেন।মার্কিন কর্মকর্তারা জানান, কার্টাজেনার যে হোটেলে সিক্রেট সার্ভিসের সদস্যরা অবস্থান করছিলেন, ওই হোটেলে ২০ জন যৌনকর্মীর উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া গেছে।এ ঘটনায় সিক্রেট সার্ভিসের সদস্য ছাড়াও ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। বিবিসি।