সিক্রেট সার্ভিসের প্রথম নারী পরিচালক হলেন পিয়েরসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের পরিচালক হিসেবে জুলিয়া পিয়েরসনকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত মঙ্গলবার নিয়োগ পাওয়া পিয়েরসন দীর্ঘদিন থেকে পুরুষ-নিয়ন্ত্রিত এই গোয়েন্দা সংস্থার প্রথম নারী পরিচালক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এই সংস্থার কাজ। জুলিয়া পিয়েরসন আগের পরিচালক মার্ক সুলিভানের স্থলাভিষিক্ত হচ্ছেন। কলাম্বিয়ায় যৌনকর্মীর সঙ্গে গোয়েন্দা সদস্যের যৌন কেলেঙ্কারির ঘটনায় এ বছরের ফেব্রুয়ারিতে তিনি অবসর নেন।গোয়েন্দা সংস্থাটি পুরুষ-নিয়ন্ত্রিত সংস্কৃতি ও সংকীর্ণতার কারণে বরাবরই সমালোচিত হয়ে আসছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পর্যাপ্তসংখ্যক নারী ও সংখ্যালঘু প্রতিনিধি না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা এ সিদ্ধান্ত নেন।ফ্লোরিডার বাসিন্দা জুলিয়া পিয়েরসন বর্তমানে সিক্রেট সার্ভিসের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করছেন। ১৯৮৩ সালে তিনি বিশেষ গোয়েন্দা সদস্য হিসেবে মাঠপর্যায়ে কাজ শুরু করেন। পরিচালক পদে তাঁর নিয়োগে সিনেটের অনুমোদন প্রয়োজন হবে না। এক বিবৃতিতে বারাক ওবামা বলেন, ‘গোয়েন্দা সংস্থাটিকে নেতৃত্ব দেওয়ার সব দক্ষতা জুলিয়ার রয়েছে। এই দক্ষতা শুধু বড় ধরনের ঘটনার ক্ষেত্রে রক্ষাকর্তার ভূমিকা এবং অর্থনৈতিক ব্যবস্থায় নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে নয়; আমার নিজেরসহ প্রেসিডেন্ট পরিবারের নিরাপত্তা ও অন্য নেতাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও।’জুলিয়া ১৯৮৮ সাল থেকে প্রায় চার বছর প্রেসিডেন্টের নিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে নিরাপত্তা অপারেশন কার্যালয়ের উপসহকারী পরিচালক হন তিনি। রয়টার্স ও ডন ডট কম।