সিক্রেট সার্ভিসের ১১ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় মার্কিন সিক্রেট সার্ভিসের ১১ জন সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গত শনিবার সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার ওই সদস্যদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠে। অভিযুক্তরা প্রেসিডেন্ট বারাক ওবামার কলম্বিয়া সফর-সংক্রান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। আঞ্চলিক এক শীর্ষ সম্মেলনে সামিট অব দ্য আমেরিকাস- এ যোগ দিতে ওবামা শুক্রবার কলম্বিয়ায় পৌঁছান। ওয়াশিংটন পোস্ট-এর সাবেক প্রতিবেদক ও সিক্রেট সার্ভিস-বিষয়ক একটি বইয়ের লেখক রোনাল্ড কেসলার সিএনএন টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘সিক্রেট সার্ভিসের সদস্যরা এক যৌনকর্মীকে অর্থ না দেওয়ায় তিনি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।’মার্কিন সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান জেনারেল ডগলাস ফ্রেজার বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এ ধরনের আচরণ পেশাগত মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের কাছ থেকে আশা করা যায় না।’ অভিযুক্তদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় কমান্ডের পাঁচজন সেনাসদস্য রয়েছেন।অভিযুক্তদের শনিবার সিক্রেট সার্ভিসের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সিক্রেট সার্ভিস যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একটি আইন প্রয়োগকারী সংস্থা। এর দুই ধরনের কাজের মধ্যে রয়েছে টাকা জালিয়াতি রোধের মতো আর্থিক দায়িত্ব এবং প্রেসিডেন্টসহ বিভিন্ন শীর্ষ কর্মকর্তার নিরাপত্তা বিধান। এএফপি, বিবিসি, রয়টার্স।