সিগারেট না পেয়ে গাড়িতে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব সিগারেট খাওয়ার ইচ্ছে হলো আপনার। কিন্তু হাতের কাছে কোনো সিগারেট নেই। কারও কাছে চেয়েও পেলেন না। কী করবেন? সর্বোচ্চ হয়তো মনে মনে তাঁকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে মনের ঝাল মিটিয়ে অন্য কারও কাছে চাইবেন। কিন্তু সিগারেট চেয়ে প্রত্যাখ্যাত হয়ে ইসরায়েলের এক নারী অদ্ভুত এক কাণ্ড করেছেন। যে ব্যক্তি প্রত্যাখ্যান করেছেন, তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার এমনই এক খবর প্রকাশ করে। প্রকাশিত খবরের নিচে একটি ভিডিও লিংকও দেওয়া হয়। ইসরায়েলের একটি পেট্রলপাম্পের সিসি ক্যামেরার সে ভিডিওতে দেখা যায়, এক লোক তাঁর নিজের গাড়িতে জ্বালানি নিচ্ছিলেন। হঠাৎ এক নারী এসে তাঁর কাছে কিছু একটা চায়। পুলিশের মতে, নারীটি লোকটির কাছে সিগারেট চেয়েছিলেন।

লোকটি কিছু একটা বললে নারীটি প্রথমে চলে যেতে উদ্যত হন। কিছু দূর গিয়ে নারীটি আবার ফিরে এসে তাঁর হাতে থাকা লাইটারটি দিয়ে গাড়ির গায়ে লাগানো পেট্রলের পাইপে ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে গাড়িটিসহ পেট্রল পাম্পের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

তবে পুলিশ জানিয়েছে, আশপাশে থাকা পেট্রলপাম্পটির কর্মীরা দ্রুতই আগুন নেভাতে সক্ষম হয়। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

ভিডিওটি দেখতে চাইলে...
https://www.facebook.com/israelpolice/videos/vb.113257552029689/954866614535441