সিঙ্গাপুরে আলোচিত উপনির্বাচনে বিরোধী দলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে একটি আলোচিত পার্লামেন্ট আসনের উপনির্বাচনে দেশটির বিরোধী দল ওয়ার্কার্স পার্টি জয়ী হয়েছে। এর ফলে তারা আসনটি ধরে রাখতে সক্ষম হলো। গত ফেব্রুয়ারিতে এ আসন থেকে নির্বাচিত এমপিকে ওয়ার্কার্স পার্টি থেকে বহিষ্কার করা হয়। দেশজুড়ে আগ্রহ জাগানো এ উপনির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী পং এং হুয়াত তাঁর প্রতিদ্বন্দ্বী সরকারি দলের প্রার্থী ডেসমন্ড চুকে বড় ব্যবধানে পরাজিত করেন।হওগাং আসনের ওই নির্বাচনে পং এং পেয়েছেন ৬২ দশমিক ০৯ শতাংশ ভোট। অন্য ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) প্রার্থী ডেসমন্ড চু পেয়েছেন ৩৭ দশমিক ৯১ শতাংশ ভোট। আগের এমপি ইও শিন লিওং গত বছরের নির্বাচনে ডেসমন্ড চুকেই ৬৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে হারিয়েছিলেন।২০ বছর ধরে দ্বীপের উত্তর-পূর্বে অবস্থিত হওগাং আসনটি বিরোধী ওয়ার্কার্স পার্টির দখলে থাকছে। এখানকার সাবেক এমপি ইয়াও শিন লেওংকে ওয়ার্কার্স পার্টি গত ১৫ ফেব্রুয়ারি বিবাহবহির্ভূত সম্পর্ক রাখায় দল থেকে বহিষ্কার করে।প্রধানমন্ত্রী লি হসিয়েন বলেছেন, ‘পিএপির ভোট যে কিছুটা বেড়েছে তাতে আমরা খুশি। আগামী নির্বাচনে আবার আসনটি ফিরে পাব বলে আমি আশাবাদী।’নগর রাষ্ট্র সিঙ্গাপুরে পিএপি প্রায় অর্ধশতক ধরে ক্ষমতাসীন। তবে এক বছর আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দলটি তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করে। অন্যদিকে সেবার বিরোধী দল ৮৭ আসনের মধ্যে ছয়টি আসন পায়। এটি ছিল ১৯৬৫ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে বিরোধী দলের জন্য সবচেয়ে ভালো ফল। বিশ্লেষকেরা বলছেন, উদার অভিবাসন নীতি, ক্রমবর্ধমান আয় বৈষম্য ও মন্ত্রীদের মোটা বেতনের জন্য দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন পিএপির ভোট বাড়ছে না। বিবিসি।