সিঙ্গাপুরের ইসরায়েলের দূতাবাস নিশ্চিত করেছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তবে তখন তাঁকে হত্যার ষড়যন্ত্র নিয়ে প্রতিবেদন নাকচ করে দেন।ইসরায়েলি দূতাবাসের উপপ্রধান মিচেল সারিগ কাদুরি গতকাল শুক্রবার বার্তা সংস্থাকে এক ই-মেইল বার্তায় বলেন, এয়ার শো অনুষ্ঠানে যোগ দিতে প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক সিঙ্গাপুর এসেছিলেন। তিনি মেলায় ইসরায়েলি প্যাভিলিয়নের উদ্বোধন করেন।সিঙ্গাপুরের এয়ার শো এশিয়ার অন্যতম বড় বিমান বাণিজ্য মেলা। সেখানে ইসরায়েল তাঁর বাণিজ্যিক ও প্রতিরক্ষা মহাশূন্য শিল্পের অনেক পণ্য প্রদর্শন করে। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওই এয়ার শো শেষ হবে কাল রোববার।১২ থেকে ১৫ ফেব্রুয়ারি সিঙ্গাপুর সফরের সময় ইরানের হিযবুল্লাহর তিন সদস্য বারাককে হত্যার পরিকল্পনা করেছেন উল্লেখ করে কুয়েতের আল জারিদা সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করে। পরে ওই প্রতিবেদনটি লুফে নেয় ইসরায়েলের গণমাধ্যম। প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে সারিগ কাদুরি বলেন, পরিকল্পনা অনুযায়ী মন্ত্রীর সফর হয়েছে এবং কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ওই প্রতিবেদনের কোনো ভিত্তিই নেই। এএফপি।