সিঙ্গুর আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে টাটার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের সিঙ্গুরে জমি নিয়ে সরকারের পাস করা আইনকে চ্যালেঞ্জ করে গতকাল বুধবার সকালে কলকাতা হাইকোর্টে মামলা করেছে টাটাগোষ্ঠী। বিচারপতি সৌমিত্র পালের আদালতে টাটার পক্ষে আইনজীবী সমরাদিত্য পালসহ অন্যরা মামলাটি করেন।মামলার আরজিতে বলা হয়, মঙ্গলবার সিঙ্গুরের জমি দখলের জন্য রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি বেআইনি ও অসাংবিধানিক। এই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তাঁরা। আরজিতে প্রকল্প এলাকায় স্থিতবস্থা বজায় রাখারও আবেদন জানানো হয়। একই সঙ্গে সিঙ্গুর আইন বাতিলেরও দাবি জানানো হয়।এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নয়াদিল্লিতে টাটাগোষ্ঠীর দায়ের করা মামলার প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি বিচারাধীন। এখন কোনো মন্তব্য করব না। তবে জমি রাজ্য সরকারের। এ ব্যাপারে আদালতকে জানাবে রাজ্য সরকার।’এদিকে ভারতের বিশিষ্ট মানবাধিকার নেত্রী মেধা পাটেকর বলেন, টাটার অবিলম্বে সিঙ্গুর ছেড়ে যাওয়া উচিত।২০০৭ সালে সিঙ্গুরে টাটাগোষ্ঠীকে ন্যানো গাড়ির কারখানা গড়ার জন্য পশ্চিমবঙ্গের সাবেক বামফ্রন্ট সরকার ৯৯৭ দশমিক ১৭ একর জমি ইজারা দিয়েছিল। কৃষকদের জমি অধিগ্রহণ করে টাটাকে এই জমি দেওয়া হয়। ওই সময় প্রায় ৪০০ একর জমির মালিক ওই জমি বাবদ টাকা নেননি। অনিচ্ছুক কৃষকদের ৪০০ একর জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের মুখে টাটা মোটরস তাদের ন্যানো গাড়ির কারখানা গুজরাটের সানন্দেয় সরিয়ে নেয়। তবে তারা ইজারা দেওয়া জমির অধিকার ছাড়েনি।এদিকে ক্ষমতায় আসার পর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মমতা অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। ১৪ জুন জমি ফিরিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের বিধানসভায় ‘সিঙ্গুর পুনর্বাসন ও উন্নয়ন বিল’ নামে একটি আইন পাস করা হয়। ওই আইনবলে মঙ্গলবার রাতেই সিঙ্গুরের সব জমির দখল নেয় রাজ্য সরকার।