সিঙ্গুর নিয়ে দুঃখ আছে, রাগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা বলেছেন, সিঙ্গুর নিয়ে তাঁর দুঃখ আছে, তবে রাগ নেই। বিষয়টি এখন আদালতের এখতিয়ারভুক্ত। তাই আদালত যে রায় দেবেন, তা তিনি মেনে নেবেন। রতন টাটা গতকাল শুক্রবার কলকাতায় টাটা গ্রুপের প্রতিষ্ঠান ‘টাটা গ্লোবাল বেভারেজ’-এর বার্ষিক সাধারণ সভায় যোগ দেন। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত।রতন টাটা এ সময় সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হলে এই রাজ্যে তাঁদের পক্ষে আরও বিনিয়োগ করা সম্ভব হবে। প্রসঙ্গত, টাটা মোটরস পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে ন্যানো গাড়ি কারখানা গড়ে তোলার উদ্যোগ নেয়। এ জন্য রাজ্যসরকার ২০০৭ সালে টাটাকে ৯৯৭ একর জমি ইজারা দেয়। ওই জমির একাংশের মালিক টাটাকে জমি দিতে আপত্তি তুললে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন ওই কৃষকদের নিয়ে জোরদার আন্দোলন শুরু করেন।