সিঙ্গুর নিয়েমমতাকে আলোচনায় বসার প্রস্তাব
পশ্চিমবঙ্গের সিঙ্গুরের জমি নিয়ে চলা সমস্যার সমাধানে শিল্পগোষ্ঠী টাটার সঙ্গে আদালতের বাইরে মমতাকে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছেন সিঙ্গুরের বিধায়ক ও রাজ্যের সাবেক কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কলকাতার একটি সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই প্রস্তাব দেন। সাক্ষাৎকারে রবীন্দ্রনাথ ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানিয়ে বলেন, ‘কৃষকদের স্বার্থে ওই জমি সমস্যার সমাধানে আদালতের বাইরে টাটার সঙ্গে জেদ ছেড়ে আলোচনায় বসুন।’ তিনি বলেন, কেবল মমতার এমন পদক্ষেপেই সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকেরা জমি ফিরে পেতে পারেন।রবীন্দ্রনাথ অভিযোগ করে বলেন, দলের মধ্যে দলাদলি, চাঁদাবাজি ও দুর্নীতি করেই ডুবেছিল সিপিএম। তৃণমূলের সব মহলে যা চলছে, তা এখনই আটকাতে না পারলে সিপিএমের মতোই তাদের ভরাডুবি হবে।সিঙ্গুরের জমি সমস্যার জট এখনো কাটেনি। এ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে মামলা চলছে। বিগত সরকার টাটাকে ন্যানো গাড়ির কারখানা তৈরির জন্য ৯৯৭ একর জমি লিজ দিলেও এর ৪০০ একরের মালিকেরা জমি দিতে রাজি হননি। এই ‘অনিচ্ছুক’ কৃষকদের নিয়ে আন্দোলন শুরু করেন মমতা। আন্দোলনের জেরে মমতা ক্ষমতায় এলেও এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। ওই কৃষকদের একাংশ এখন আর জমি ফেরত চাইছে না, চাইছে জমির মূল্য। কেননা, তারা জমি ফেরত পাওয়ার আশায় আর অপেক্ষা করতে রাজি নয়।