সিঙ্গুর মামলায় টাটার বিরুদ্ধে মমতার জয়
সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়ে গতকাল বুধবার টাটার বিরুদ্ধে রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট। টাটা গোষ্ঠীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত বলেন, রাজ্য সরকারের টাটার জন্য অধিগ্রহণ করা জমি অনিচ্ছুক কৃষকদের ফিরিয়ে দিতে আবার অধিগ্রহণ করার জন্য নেওয়া রাজ্য সরকারের উদ্যোগ সাংবিধানিক ও বৈধ।গত জুনে রাজ্য সরকার ‘সিঙ্গুর পুনর্বাসন ও উন্নয়ন আইন-২০১১’ আইন করে। কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় গতকাল রায় ঘোষণা করে বলেন, এ রায় কার্যকর হবে ২ নভেম্বরের পর থেকে। এর আগে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবে।বিচারপতি তাঁর নির্দেশে আরও বলেন, ১৮৯৪ সালের কেন্দ্রীয় জমি অধিগ্রহণ আইন অনুযায়ী রাজ্য সরকার ছয় মাসের মধ্যে টাটার আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান বাজারদর অনুযায়ী অধিগৃহীত জমির ক্ষতিপূরণের অর্থ দেবে টাটাকে। এ লক্ষ্যে হাইকোর্ট এসব বিষয় তদারকি করতে হুগলির জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগের আদেশ দেন। তাঁরাই জমির ক্ষতিপূরণ এবং অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা নির্মাণের জন্য সাবেক পশ্চিমবঙ্গ সরকার ১৯৯৬ সালে টাটা মোটরসকে ৯৯৭ দশমিক ১৭ একর জমি ইজারা দেয়। সেই জমি ফের যাতে কৃষকদের মধ্যে বণ্টন করা না হয়, সেই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে ২২ জুন অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েছিল টাটা। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করেন ২৭ জুন। এরপরই ভারতের সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করে টাটা মোটরস। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রতিশ্রুতি মতো মমতা অনিচ্ছুক কৃষকদের প্রায় ৪০০ একর জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। এ লক্ষ্যে সরকার ‘সিঙ্গুর পুনর্বাসন ও উন্নয়ন বিল’ নামে আইন পাস করে। ওই আইনবলে গত ২১ জুন রাতেই সিঙ্গুরের সব জমির দখল নেয় রাজ্য সরকার। তারপর এই জমি অনিচ্ছুক কৃষকদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিলে কলকাতা হাইকোর্টে মামলা করে টাটা মোটরস। গতকাল সেই মামলায় আদালত টাটার বিরুদ্ধে রায় দিলেন।