সিঙ্গুর মামলায় মমতার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। সিঙ্গুরে টাটার মোটরগাড়ি কারখানা নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমি জনগণকে ফিরিয়ে দিতে মমতার সরকারের আইনকে গতকাল শুক্রবার অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আদালত আইনটি বাতিলযোগ্য বলে রায় দেন। তৃণমূল নেত্রী গত বছর পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় আসার পর সিঙ্গুরের কৃষকদের ৪০০ একর জমি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিধানসভায় সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন আইন নামে একটি আইন পাস করে। এই আইনের আওতায় সরকার বর্তমানে টাটার কাছে থাকা ওই ৪০০ একর জমি অধিগ্রহণ করে পরে তা জনগণকে ফিরিয়ে দেবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ ও বিচারপতি মৃণাল কান্তি চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ ঘোষণা দেন। পশ্চিমবঙ্গ সরকার চাইলে দুই মাসের মধ্যে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।ওই আইনের আওতায় সরকার সিঙ্গুরের জমি দখল করার উদ্যোগ নেয়। এরপরই গত ২৮ জুলাই টাটা মোটরস এই আইনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি আবেদন করে। বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় দুই মাস পর ২৮ সেপ্টেম্বর শুনানি শেষে এই আইনকে বৈধ বলে ঘোষণা দেন। টাটা মোটরস এই রায়ের বিরুদ্ধে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে। মামলাটি আবার বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ ও বিচারপতি মৃণাল কান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চে ওঠে। দীর্ঘ ছয় মাস ধরে শুনানি শেষে গতকাল মামলার রায় ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ।২০০৬ সালের মে মাসে পশ্চিমবঙ্গ রাজ্যসরকার হুগলি জেলার সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে সস্তায় মোটরগাড়ি ন্যানো নির্মাণের জন্য ৯৯৭ একর জমি অধিগ্রহণ করে। ওই সময় অধিকাংশ কৃষক জমির ক্ষতিপূরণ নিলেও ৪০০ একর জমির মালিকেরা আপত্তি করেন। মমতা চার মাস পর বিক্ষুব্ধ এসব কৃষককে নিয়ে আন্দোলন শুরু করেন। ২০০৬ সালের ৫ ডিসেম্বর থেকে ধর্মতলায় টানা ২৬ দিন অনশন করেন কৃষকেরা। এতে মমতাও যোগ দেন। আবার ২০০৮ সালের ২৪ আগস্ট থেকে মমতা সিঙ্গুরের কারখানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করে। এরপর ২০০৮ সালের ৪ অক্টোবর টাটা গোষ্ঠী সিঙ্গুর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ২০১১ সালে মমতা ক্ষমতায় এসে প্রতিশ্রুতি অনুযায়ী সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার উদ্যোগ নেন।পশ্চিমবঙ্গের রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, হাইকোর্টের এই রায়ে ফের মমতা রাজনৈতিকভাবে বিরাট এক ধাক্কা খেলেন। এর ফলে সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া কঠিন হয়ে পড়বে।