সিঙ্গুরের কৃষকদের জমি ফেরতের প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সিঙ্গুরের কৃষকদের ৪০০ একর জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।জমি ফেরত প্রক্রিয়ার অংশ হিসেবে গত সোমবার নতুন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিঙ্গুরের ৯৯৭ একর জমি অধিগ্রহণ, টাটাকে লিজ দেওয়া এবং টাটার সঙ্গে রাজ্য সরকারের চুক্তির নথি তলব করেছেন। শিল্পমন্ত্রী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে এ-সংক্রান্ত কাগজপত্রের সঙ্গে একটি প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছেন। এটি পাওয়ার পরই রাজ্য সরকার সিঙ্গুরের জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।সিঙ্গুরের ৯৯৭ একর জমি টাটাকে ন্যানো গাড়ির কারখানা নির্মাণের জন্য লিজ দেয় সাবেক বামফ্রন্ট সরকার। ওই জমির মধ্য থেকে ৪০০ একর জমি সরকারকে দিতে চাননি কৃষকেরা। মমতা তখন এসব জমির মালিকদের নিয়ে সিঙ্গুরে জমি অধিগ্রহণবিরোধী আন্দোলন শুরু করেন। নির্বাচনে বিজয়ী হলে ওই সব জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। ওই আন্দোলনের পথ ধরে এবারের বিধানসভা নির্বাচনে বিপুল বিজয় পান মমতা।এদিকে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে কঠোর মনোভাব ব্যক্ত করেছেন নতুন মুখ্যমন্ত্রী। এর অংশ হিসেবে ইতিমধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি এবং ৩৫০ জন সরকারি কর্মচারীকে কারণ দর্শাতে বলা হয়েছে।মমতা বলেন, পুলিশ ও প্রশাসনের কাজে কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। বিধায়কদেরও এই নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রশাসনের কাজে হস্তক্ষেপ করা তাঁদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তিনি চান, প্রশাসন নিরপেক্ষ হয়ে স্বাধীনভাবে কাজ করুক। একই সঙ্গে তিনি কাজে ফাঁকি দিলে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন।