সিঙ্গুরের জমি নিয়ে টাটার পরিকল্পনা জানতে চেয়েছেন আদালত

সিঙ্গুরের অধিকৃত জমি কৃষকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে কি না এবং এ বিষয়ে টাটা মোটরসের সিদ্ধান্ত কী, তা জানতে চেয়ে আদেশ জারি করেছেন ভারতের আদালত। সুপ্রিম কোর্ট আজ বুধবার বলেছেন, যেহেতু টাটা পশ্চিমবঙ্গের বাইরে গাড়ির কারখানা করেছে, তাই কোম্পানিকে ইজারা দেওয়া জমি দখল করে রাখা অনুচিত। টাইমস অব ইন্ডিয়া জানায়, বিচারপতি এইচ এল দত্ত ও দীপক মিশ্রের একটি বেঞ্চ আদেশে জানান, ‘সিঙ্গুরে গাড়িনির্মাণ কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। যেহেতু আপনারা (টাটা) ওই এলাকা থেকে সরে গেছেন, তাই আপনাদের ওই জমিরও কোনো প্রয়োজন নেই। এখন আপনারা বলতে পারবেন না যে, ওই জমি ধরে রাখার কোনো যথাযথ কারণ আছে।’ আদালত বলেন, ‘ওই জমি এখন কৃষকদের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। জমি কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি হলফনামা জারি করতে পারে। কৃষকেরা যে দামে জমি বিকিয়েছিলেন, তা টাটাকে ফেরত দিলে তাঁরা জমি আবার ফিরে পাবেন। আমরা মনে করি, এ ধরনের পদক্ষেপ নিলে ন্যায়বিচারের নিশ্চিত হবে।’ ওই বেঞ্চ আরও বলেন, যে উদ্দেশ্যে জমি ইজারা দেওয়া হয়েছিল, তা ভন্ডুল হয়ে গেছে। তাই জমির ওপর অধিকার ধরে রাখা হবে কি না, তা টাটাকে জানানোর আদেশ দিয়েছেন আদালত। কলকাতা হাইকোর্টের সিঙ্গুর ভূমি অধিগ্রহণ আইন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে যে আপিল করেছে, সেটির শুনানিতে আদালত আজ এসব কথা বলেন।
এর আগে পশ্চিমবঙ্গের হাইকোর্ট ‘সিঙ্গুর ভূমি পুনর্বাসন ও উন্নয়ন আইন ২০১১’ বাতিল করেন। রাজ্য সরকার হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আপিল করেছিল। ২০১১ সালের আইনটির মাধ্যমে টাটা মোটরসের জন্য ৪০০ একর জমি অধিগ্রহণ করাকে বৈধতা দেওয়া হয়েছিল।
যে আইনের বদৌলতে পশ্চিমবঙ্গ সরকার সিঙ্গুরে টাটা মোটরসকে ভূমি ইজারা দিয়েছিল, সে আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করে গত বছরের ২২ জুন হাইকোর্ট আদেশ জারি করেছিলেন। কারণ হিসেবে আদালত বলেছিলেন, ওই আইন পাসে রাষ্ট্রপতির সম্মতি নেওয়া হয়নি।