সিডনিতে জিম্মি নাটকে প্রাণ হারালেন যে দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রৈলিয়ার সিডনিতে জিম্মি নাটকে প্রাণ হারানো ক্যাটরিনা ডওসন (বাঁয়ে) ও টোরি জনসন (ডানে)। ছবি: রয়টার্স
অস্ট্রৈলিয়ার সিডনিতে জিম্মি নাটকে প্রাণ হারানো ক্যাটরিনা ডওসন (বাঁয়ে) ও টোরি জনসন (ডানে)। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির কেন্দ্রস্থলে গতকাল সোমবার লিন্দত চকলেট ক্যাফেতে জিম্মি উদ্ধারের লক্ষ্যে পরিচালিত পুলিশি অভিযান চলাকালে বন্দুকধারী ছাড়া আরও যে দুজন নিরীহ মানুষ নিহত হয়েছেন, তাঁদের পরিচয় প্রকাশ করেছে দেশটির পুলিশ।
আজ মঙ্গলবার দ্য গার্ডিয়ান ও বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, এ দুজন হলেন লিন্ডট চকলেট ক্যাফের ব্যবস্থাপক টোরি জনসন (৩৪) ও আইনজীবী ক্যাটরিনা ডওসন (৩৮)। তাঁরা দুজনই সিডনির বাসিন্দা ছিলেন।
টোরি জনসন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে হসপিটালিটি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়েন। হোটেল ম্যানেজমেন্টের ওপর একটি ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেন িতনি। পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্র ও মালদ্বীপের কয়েকটি হোটেলে কাজ করেন টোরি। ২০০৪ সালে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে আসেন। এরপর তিনি সিডনির বেশ কয়েকটি হোটেলে কাজ করেন। দুই বছরের কিছু বেশি সময় ধরে লিন্দত চকলেট ক্যাফেতে ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন।

নিহত অপরজন তিন সন্তানের মা ক্যাটিরনা ডওসন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় ও সিডনি বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়াশোনা করেন। তিনি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের আইনজীবী হিসেবে কাজ করতেন। এ ছাড়া ক্যাটরিনার বোন স্যান্ডি ডওসন সিডনির প্রখ্যাত আইনজীবী। গতকাল সকালে জিম্মি নাটক শুরু হওয়ার কিছুক্ষণ আগে ক্যাটরিনা তাঁর সহকর্মী আইনজীবী জুলি টেইলরের সঙ্গে লিন্দত চকলেট ক্যাফেতে কফি কিনছিলেন। তাঁর চেম্বার ওই ক্যাফের খুব কাছে।

‘বন্দুকধারী কেন সন্ত্রাসী তালিকায় ছিলেন না?’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট পুলিশ প্রশাসনের প্রতি প্রশ্ন তুলেছেন, ইরানের শরণার্থী মান হারুন মনিস কেন তাঁদের সন্ত্রাসী তালিকায় ছিলেন না। তিনি বলেন, হারুন মনিস কেন জামিনে ছিলেন, তা খতিয়ে দেখবে তাঁর সরকার। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নিহত দুই জিম্মিকে ‘ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করে আজ তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন টনি অ্যাবোট।

জিম্মি নাটকের পেছনে মান হারুন মনিসের কী উদ্দেশ্য ছিল, তা জানতে তদন্ত করছে পুলিশ।