সিডনিতে রেকর্ড বৃষ্টিপাতে আকস্মিক বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনি শহরে গতকাল বৃহস্পতিবার প্রবল বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে বন্ধ হয়ে গেছে শহরটির সড়ক ও রেল-যোগাযোগব্যবস্থা। এর ফলে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।দেশটির আবহাওয়া অফিস বলেছে, ‘লা নিনা’র প্রভাবে দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে সিডনিতে গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর পরিমাণ ছিল ১১৯ মিলিমিটার। ২০০৭ সালের পর এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের ক্ষেত্রে এটিই রেকর্ড। অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসের বিরাট অংশও ভারী বর্ষণে তলিয়ে গেছে।আবহাওয়া অফিসের একজন মুখপাত্র বলেন, প্রবল ভারী বর্ষণের সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আবহাওয়ায় লা নিনার প্রভাব দেখা দিলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়।আকস্মিক এই বৃষ্টিপাতের কারণে বাস ও ট্রেনের চলাচলব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। সিডনি শহরের অন্তত দুই হাজার বাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এএফপি।