ক্যাফে থেকে দৌড়ে এল ৫ জিম্মি

অস্ট্রেলিয়ার সিডনির লিন্ডট চকলেট ক্যাফের জিম্মিদের মধ্যে পাঁচ ব্যক্তি দৌড়ে বের হতে সক্ষম হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, মার্টিন প্লেস বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই ক্যাফেতে আজ সোমবার অজ্ঞাতসংখ্যক মানুষকে জিম্মি করেছে এক অস্ত্রধারী।
পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি বন্ধ করে দেন। বিভিন্ন ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। ঘিরে রাখা হয়েছে লিন্ডট চকলেট ক্যাফে। আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার।
সকালে জিম্মিসংকট শুরুর কয়েক ঘণ্টা পর ক্যাফের ভেতর থেকে পাঁচজন দৌড়ে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
পুলিশ জানায়, প্রথমে বের হয়ে আসেন তিনজন। পরে আরও দুজন। তাঁরা কীভাবে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন, তা পরিষ্কার নয়। তাঁদের সঙ্গে কথা বলে ক্যাফের ভেতরের পরিস্থিতি বোঝার চেষ্টা করবে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তারা এক বন্দুকধারীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছে।
জিম্মি পরিস্থিতির অবসানে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ বলছে, জিম্মিসংকটে এক অস্ত্রধারী জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অস্ত্রধারীর সংখ্যা বেশিও হতে পারে।
স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় জিম্মিসংকট শুরু হয়। কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, সকালে লোকজন যখন কাজের উদ্দেশে মার্টিন প্লেসে আসতে শুরু করেন, তখন এ ঘটনা ঘটে। এক ব্যক্তি একটি ব্যাগ ও আগ্নেয়াস্ত্র নিয়ে হেঁটে লিন্ডট চকলেট শপ ও ক্যাফেতে প্রবেশ করে।
ঘটনার পর নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের কমিশনার অ্যান্ড্রু সাইপিয়ন বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে, মার্টিন প্লেস এলাকায় ওই ভবনের ভেতরে এক অস্ত্রধারী রয়েছে। সে-ই অজ্ঞাতসংখ্যক মানুষকে জিম্মি করেছে। এটা সন্ত্রাসের সঙ্গে যুক্ত কোনো ঘটনা কি না, তা আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। আমরা জিম্মি পরিস্থিতি মোকাবিলা করছি। আমরা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চাই। এ জন্য সবকিছুই করা হবে।’
টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্যাফের ভেতরে জানালার সামনে কয়েকজন ব্যক্তি হাত তুলে দাঁড়িয়ে আছেন। কালো রঙের একটি পতাকা ধরে রাখতে তাঁদের বাধ্য করা হয়েছে। ওই পতাকার মধ্যে সাদা হরফে আরবি লেখা রয়েছে। এটি দেখতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতাকার মতো।
ক্যাফের ভেতরে কতজনকে জিম্মি করা হয়েছে, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে লিন্ডট কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ক্যাফের ভেতরে অন্তত ১০ জন কর্মী ও ৩০ জন ক্রেতা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশও বলছে, জিম্মিদের সংখ্যা ৩০-৪০-এর ওপরে নয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, এ ঘটনার পেছনে কে আছে, তা এখনো পরিষ্কার নয়।