সিডনির বন্দুকধারী ইরানের শরণার্থী
অস্ট্রেলিয়ার সিডনি শহরের লিন্ডট চকলেট ক্যাফের ভেতর অস্ত্রের মুখে কিছু মানুষকে আটকে রাখা বন্দুকধারী ব্যক্তি ইরানের শরণার্থী বলে জানিয়েছে সিডনি পুলিশ। মান হারুন মনিস নামের ওই ব্যক্তির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলছে। বর্তমানে তিনি জামিনে আছেন।
আজ সোমবার বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, ইরানের এই শরণার্থী রাজনৈতিক আশ্রয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তাঁর সাবেক এক আইনজীবী ওই ব্যক্তিকে ‘একঘরে ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন।
পুলিশ জানায়, মধ্য সিডনি ততক্ষণ পর্যন্ত ঘিরে রাখা হবে, যতক্ষণ পর্যন্ত না জিম্মিদের সুস্থ অবস্থায় মুক্ত করা যায়। শেষ খবর পাওয়া বন্দুকধারীর সঙ্গে পুলিশের আলোচনা চলছিল।
ওই ক্যাফের আলো ভেতর থেকে বন্ধ রাখা হয়েছে। ক্যাফের জানালায় কালো রংয়ের একটি পতাকা ঝুলিয়ে রাখা হয়েছে। এতে আরবি হরফে লেখা রয়েছে।
সিডনির নর্থ সাউথ ওয়েলস পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। নর্থ সাউথ ওয়েলসের ডেপুটি কমিশনার ক্যাথেরিন বার্ন জানান, পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সময় বিকেল চারটার দিকে একটি টাস্ক ফোর্স নামানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত মধ্য সিডনি ঘিরে রাখা হবে। ওই স্থানে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হবে না। যেকোনো অবস্থায় জিম্মিদের সুস্থ অবস্থায় মুক্ত করে আনাই এখন প্রধান লক্ষ্য বলে জানান ক্যাথেরিন বার্ন।
মার্টিন প্লেস বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই ক্যাফেতে আজ অজ্ঞাতসংখ্যক মানুষকে জিম্মি করে এক অস্ত্রধারী। স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় জিম্মিসংকট শুরু হয়। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি বন্ধ করে দেন। বিভিন্ন ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। ঘিরে রাখা হয়েছে লিন্ডট চকলেট ক্যাফে। আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার।
পুলিশ জানায়, ক্যাফে থেকে পাঁচজন দৌঁড়ে বেরিয়ে আসতে পেরেছেন। প্রথমে বের হয়ে আসেন তিনজন। পরে আরও দুজন। তাঁরা কীভাবে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন, তা পরিষ্কার নয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, সকালে লোকজন যখন কাজের উদ্দেশ্যে মার্টিন প্লেসে আসতে শুরু করেন, তখন এ ঘটনা ঘটে। এক ব্যক্তি একটি ব্যাগ ও আগ্নেয়াস্ত্র নিয়ে হেঁটে লিন্ডট চকলেট শপ ও ক্যাফেতে প্রবেশ করে।
ক্যাফের ভেতরে ঠিক কতজনকে জিম্মি করা হয়েছে, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে লিন্ডট কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ক্যাফের ভেতরে অন্তত ১০ জন কর্মী ও ৩০ জন ক্রেতা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশও বলছে, জিম্মিদের সংখ্যা ৩০-৪০-এর ওপরে নয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।