সিডনির মুসলিমদের পাশে আছেন তাঁরা
সিডনির লোমহর্ষক জিম্মি ঘটনার পেছনের লোকটি একজন মুসলিম। এ কারণে স্থানীয় মুসলিমদের মনে ভীতির সঞ্চার হয়েছে। তবে তাদের অভয় দিতে সক্রিয় হয়ে উঠেছেন সচেতন অস্ট্রেলীয়রা। সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে মুসলিমদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে প্রচারণা। খবর রয়টার্স ও এএফপির।
অস্ট্রেলিয়ায় বসবাসকারী পাঁচ লাখ মুসলিমের মধ্যে সবচেয়ে বেশি (প্রায় অর্ধেক) বাস করেন সিডনিতেই। জিম্মি নাটকের পর সেখানকার অনেক মুসলিম বাস বা ট্রেনের মতো গণপরিবহনে উঠতে ভয় পাচ্ছেন। সে কারণে টুইটারে শুরু করা হয়েছে ‘আই উইল রাইড উইথ ইউ’ (আমি তোমার সঙ্গে থাকব)—এই স্লোগানে এক প্রচারণা।
সোমবার জিম্মি নাটকের ঘটনার পর গতকাল মঙ্গলবার ঘটনাস্থল লিন্ড ক্যাফেতে তৈরি সাময়িক স্মারকে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন মাইরেলা রিগো। সেখানে তিনি আবেগে জড়িয়ে ধরেন এক মুসলিম নারীকে। রিগো বলছিলেন, ‘আমি এসব মানুষকে হৃদয় দিয়ে অনুভব করি। তাঁরা যে সিডনির ঘটনার জন্য দায়ী নন, এটা আমি বিশ্বাস করতে চাই।’
মুসলিমবিরোধী মনোভাবের ঘটনা নিয়ে প্রতিবেদন লেখেন ইসলামোফোবিয়া রেজিস্ট্রারের মারিয়াম ভেজাদেহ। সিডনির ঘটনার পর অস্ট্রেলিয়ার সাধারণ নাগরিকদের মনোভাব তাঁর অন্তর স্পর্শ করেছে বলে জানান তিনি।