সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হলে দল থেকে বহিষ্কার: প্রণব মুখার্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা প্রণব মুখার্জি বলেছেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে শাস্তি পেতে হবে। এমন নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হবে।কলকাতায় কংগ্রেসের রাজ্য কার্যালয় বিধান ভবনে গতকাল রোববার বিকেলে কংগ্রেসের নির্বাচনী ইশতেহার প্রকাশ করার সময় প্রণব মুখার্জি এ কথা বলেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন নিয়ে সমঝোতা হয়। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্থানীয় কংগ্রেসের একাংশের নেতা-কর্মীরা। বিশেষ করে মুর্শিদাবাদ, নদীয়া, মালদহ ও উত্তর দিনাজপুরে শক্ত অবস্থান হওয়ায় কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা এসব জেলায় তৃণমূলের প্রার্থী মেনে নিতে পারেননি। তাই বেশ কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।জরিপে এগিয়ে কংগ্রেস-তৃণমূল জোট: কলকাতার বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল টেন’ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে গতকাল জনমত জরিপ প্রকাশ করেছে। এতে দেখা যায়, নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোট বিপুল ভোটে জয়ী হবে।জরিপ অনুযায়ী, রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে কংগ্রেস-তৃণমূল জোট ২১৭টি আসন পাবে। অন্যদিকে সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট পাবে মাত্র ৭১টি আসন। বাকি ছয়টি আসন পাবে অন্যরা।