সিদ্ধান্তের কাছাকাছি অস্ট্রেলিয়ার তিন স্বতন্ত্র এমপি
কোন দলকে সমর্থন করবেন—এই সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ার তিন স্বতন্ত্র এমপি। সাধারণ নির্বাচনে কোনো দলই সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন না পাওয়ায় সরকার গঠনের জন্য স্বতন্ত্র এমপিদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।স্বতন্ত্র এমপি রব ওয়াকেশট, বব কার্টার ও টনি উইন্ডসরের সিদ্ধান্ত রাজনৈতিক অচলাস্থার অবসান ঘটাবে। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সমর্থনের বিষয়ে ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা কতটুকু বাস্তব, কিংবা তাঁরা একসঙ্গে কাউকে সমর্থন করবেন কি না, তা পরিষ্কার নয়। যদিও সরকার গঠনের বিষয়ে এখন পর্যন্ত তাঁরা একত্রে আলোচনা চালিয়ে যাচ্ছেন। গত ২১ আগস্টের নির্বাচনে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের লেবার পার্টি কিংবা বিরোধী নেতা টনি অ্যাবটের লিবারেল-ন্যাশনাল জোট এককভাবে সরকার গঠনের মতো আসন পেতে ব্যর্থ হয়।এদিকে বিরোধী নেতা টনি অ্যাবট তাঁকে সমর্থন দেওয়ার জন্য তিন স্বতন্ত্র এমপির প্রতি আবারও আহ্বান জানিয়েছেন। সানডে টেলিগ্রাফ পত্রিকায় লেখা খোলা চিঠিতে তিনি এ আহ্বান জানান।এদিকে লেবার দলের এমপি অ্যান্থনি আলবানিজ অভিযোগ করেছেন, জোর করে স্বতন্ত্র এমপিদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন অ্যাবট। ওয়াল স্ট্রিট জার্নাল ও এএফপি।