সিনাই উপদ্বীপে মিসরের বিমান হামলা, নিহত ২০
মিসরের সেনাবাহিনী গতকাল বুধবার সিনাই উপদ্বীপের তুমা গ্রামে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ২০ জন নিহত হয়েছে। সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয় বলে নিরাপত্তা কর্মকর্তারা জানান।সিনাইয়ে গত রোববার এক সন্ত্রাসী হামলায় ১৬ জন মিসরীয় সীমান্তরক্ষী সেনা নিহত হয়। এর তিন দিনের মাথায় এ অভিযান চালানো হলো।গত কয়েক দশকের মধ্যে সিনাই উপদ্বীপে এটাই মিসরের প্রথম সামরিক অভিযান। ১৯৭৩ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে কায়রো শেষবারের মতো সিনাই উপদ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সিনাই উপদ্বীপের একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানান, অ্যাপাচি হেলিকপ্টার থেকে চালানো অভিযানে ‘২০ জন সন্ত্রাসী’ নিহত হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় পদাতিক ডিভিশনের সদস্যরাও তুমা গ্রামে অভিযান চালান। তিনি বলেন, অভিযান অব্যাহত রয়েছে।সিনাইয়ের উত্তরাঞ্চলে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার রাতেও অজ্ঞাতনামা বন্দুকধারীরা আল-আরিশ শহরের কাছে চারটি নিরাপত্তাচৌকিতে হামলা চালায়। এরপর গতকাল তুমা গ্রামের কাছে শেখ জুয়ায়েদ শহরে বিমান হামলা চালানো হয়।রোববারের হামলার সময় সন্ত্রাসীরা একটি সামরিক যান নিয়ে প্রতিবেশী ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়েছিল। কিন্তু ইসরায়েলি হেলিকপ্টার থেকে অভিযান চালিয়ে তাদের প্রতিহত করা হয়। এই সন্ত্রাসী হামলার জন্য ইসরায়েল ও মিসর মুসলিম জঙ্গিদের দায়ী করেছে। তবে মিসরের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুড অভিযোগ করেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এ হামলার জন্য দায়ী। ইসরায়েল এ অভিযোগ নাকচ করে দিয়েছে।সন্ত্রাসী হামলায় জড়িত লোকজনকে খুঁজে বের করতে নিরাপত্তা কর্মকর্তারা মঙ্গলবার বাড়িতে বাড়িতে তল্লাশি চালান। একই সঙ্গে তাঁরা গাজা ভূখণ্ডের সুড়ঙ্গও বন্ধ করে দিতে শুরু করেছেন। এসব সুড়ঙ্গ দিয়ে অস্ত্র, খাদ্যসহ অন্য মালামাল পাচার করা হয়। এমনকি জঙ্গিরাও এই সুড়ঙ্গ দিয়ে গোপনে যাতায়াত করে থাকে।সিনাইয়ের আল-আরিশ শহরের চিকিৎসা কর্মকর্তারা জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ ছয়টি লাশ মিসরের কাছে হস্তান্তর করেছে। রোববারের ইসরায়েলি অভিযানে তারা নিহত হয়। তাদের এখনো শনাক্ত করা যায়নি। তবে মিসরীয় কর্মকর্তারা ধারণা করছেন, তারা বেদুইন ও ফিলিস্তিনি জঙ্গি। তারাই রোববারের হামলার জন্য দায়ী।বিশ্লেষকেরা মনে করছেন, এই হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সিনাই উপদ্বীপে মিসরীয় সরকারের নিয়ন্ত্রণ ঢিলে হয়ে পড়েছে। গত বছর ওই এলাকা থেকে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। এএফপি ও বিবিসি।